ভিয়েতনাম মিশনের জন্য প্রস্তুত অনূর্ধ্ব-২৩ দল

ভিয়েতনাম মিশনের জন্য প্রস্তুত অনূর্ধ্ব-২৩ দল

আগামী সেপ্টেম্বরে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে যাবে বাংলাদেশ। এই বাছাই পর্বের জন্য প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ফুটবল ম্যাচ খেলেছে অনূর্ধ্ব-২৩ দল। তবে দুটি ম্যাচেই হেরেছে কোচ সাইফুল বারী টিটুর দল। প্রথম ম্যাচে ১-০ ও দ্বিতীয়টিতে ৪-২ গোলে হারে বাংলাদেশ দল। ম্যাচগুলো ক্লোজ ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানায়নি ফুটবল ফেডারেশন। দুই ম্যাচে টানা হারলেও দল ভিয়েতনাম মিশনের জন্য প্রস্তুত বলে জানালেন অনূর্ধ্ব-২৩ দলের সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

আজ বাফুফের পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাহরাইনে দুটি ম্যাচ খেলার মাধ্যমে ভিয়েতনামের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। এখন ক্যাম্পে ২৪ জন রয়েছে। ২৪ জনই ম্যাচ খেলার সময় পেয়েছে। বাফুফেকে ধন্যবাদ আমাদের এমন সুযোগ করে দেওয়ার জন্য।’ বাহরাইনের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে ২-১ গোলে এগিয়েছিল। বাংলাদেশের হয়ে গোল করেন মিরাজুল ইসলাম ও আরমান ফয়সাল আকাশ। কিন্তু পরের অর্ধে আর গোল পায়নি তারা। উল্টো গোল হজম করে হেরেছে দল।

বিজ্ঞাপন

তবে বাহরাইনের বিপক্ষে খেলে দলকে যাচাই করা গেছে। মূলত বাছাই পর্বের জন্য চূড়ান্ত দল গঠনের লক্ষ্যে বাহরাইনে ফুটবলারদের পরীক্ষা করা হয়েছে। মিশু জানান, প্রীতি ম্যাচে নিজেদের ভুল-ত্রুটিগুলো শোধরানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। খেলোয়াড়দেরও দুর্বলতা ও শক্তির জায়গাগুলোও চিহ্নিত করা গেছে।

এবার বাছাই পর্বেও মূল লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে দলকে। আগামী ৩, ৬ ও ৯ সেপ্টেম্বর বাছাইয়ে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে- ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। বাছাই পর্বের গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করার মিশনেই ভিয়েতনাম যাবে বাংলাদেশ দল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন