ভারতকে চ্যালেঞ্জ জানাতে পারল না পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৪১ রানে অলআউট হয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।
দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে পথ দেখান রিজওয়ান ও সৌদ শাকিল। তৃতীয় উইকেটে এই জুটির অবদান ১০৪ রান। ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়লেও ধীরস্থির ব্যাটিং করেছেন রিজওয়ান ও শাকিল। যেটা পাকিস্তানের বড় সংগ্রহের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ৪৬ রান করতেই ৭৭ বল খেলেন রিজওয়ান। তুলনামূলক কম বল নষ্ট করেছেন শাকিল। ৬২ রানের ইনিংস খেলতে ৭৬ বল মোকাবেলা করেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। ভারতের বিপক্ষেও বড় ইনিংস খেলার আভাস দেন এই অলরাউন্ডার। যদিও ৩৮ রানের বেশি করতে পারেননি। রানের চেয়ে এক বল বেশি খেলেন খুশদিল।
এর আগে ক্রিজে সেট হয়ে ২৩ রানে আউট হন বাবর আজম। আরেক ওপেনার ইমাম উল হক করেন ১০ রান। এছাড়া সালমান আলি আগা ১৯ ও নাসিম শাহ করেন ১৪ রান। পাকিস্তানকে অলআউট করতে সামনে থেকে নেতৃত্ব দেন কুলদীপ যাদব। ৪০ রানে ৩ উইকেট নেন এই স্পিনার। হার্দিক পান্ডিয়ার শিকার ২ উইকেট। ৩১ রান খরচ করেন এই পেসার।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তানের ইনিংস: ২৪১/১০ (৪৯.৪ ওভার)
সৌদ শাকিল ৬২, মোহাম্মদ রিজওয়ান ৪৬, খুশদিল শাহ ৩৮
কুলদীপ যাদব ৩/৪০, হার্দিক পান্ডিয়া ২/৩১
টস: পাকিস্তান (ব্যাটিং)
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

