আরব আমিরাত সিরিজ হার

কারও ওপর দোষ দিচ্ছেন না ইফতেখার মিঠু

কারও ওপর দোষ দিচ্ছেন না ইফতেখার মিঠু

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে থেকেও হেরেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে দারুণ জয়ের পর পরের দুই ম্যাচে দেখেছে লজ্জার হার। এমন হারের পর সর্বত্র হচ্ছে বাংলাদেশ দলের সমালোচনা। তবে এই হারের পর কাউকে দোষারোপ করতে চান না বিসিবি পরিচালক ইফতেখার রহমা মিঠু। বরং এই হারকে খেলার অংশ হিসেবেই বিবেচনা করতে চান।

বিজ্ঞাপন

আজ সোমবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ইফতেখার রহমান মিঠু। কাউকে দোষারোপ না করার ব্যাপারে তিনি বলেন, ‘মাঠে গিয়ে খেলে ক্রিকেটাররা, কোচ আপনাকে শুধু শেখাতে পারবে। আসলে কাউকে দোষারোপ করার কিছু নেই। হেড কোচ, সালাউদ্দিন কিংবা আরও যারা আছে....এটা নতুন একটা ইউনিট। একটু সময় দিলে বোঝা যাবে তারা কেমন পারফর্ম করছে।’

তিনি আরও যোগ করেন, ‘আরব আমিরাতের কাছে হারায় আমাদের খারাপ লেগেছে কিন্তু এটা অবশ্যই খেলার অংশ। এটা মানতে হবে আমাদের। তবে আমি বিশ্বাস করি এই তরুণ ছেলেদের দুর্দান্ত প্রতিভা রয়েছে। আমাদের ধারাবাহিকতা বাড়াতে হবে এবং প্রায়োগিক দিকে উন্নতি করতে হবে।’

আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর বাংলাদেশ দলের বর্তমান ঠিকানা পাকিস্তান। এই নিয়ে তিনি বলেন, ‘দল ভালো আছে৷ তারা অনুশীলনে আছে। তারা ভালো আছে, সিচুয়েশন নরমাল। তারা খেলার জন্য মুখিয়ে আছে। পাকিস্তান সবসময় সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা দেয় (খেলোয়াড়দের)। সেটা তারা সবসময়ই দেয়। এই নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কেউ বা আমাদের যে দল গেছে তারা কোনো অভিযোগ দেয়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন