রিয়ালের কষ্টার্জিত জয়

রিয়ালের কষ্টার্জিত জয়

স্প্যানিশ লা লিগায় রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। যদিও জয়টা সহজে পায়নি কার্লো আনচেলত্তির শিষ্যরা। নিজেদের হারিয়ে খোঁজা ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিতে অনেক ঘাম ঝরাতে হয়েছে লস ব্লাঙ্কোসদের।

বিজ্ঞাপন

নামে ভারে ভায়োকানোর চাইতে যোজন যোজন এগিয়ে রিয়াল। যদিও সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন নিজেদের শক্তির প্রতি সুবিচার করতে পারেনি স্বাগতিকরা। বল দখল এবং আক্রমণে তাদের ওপর প্রভাব বিস্তার করে খেলেছে ভায়োকানো। ৫৫ শতাংশ বল দখলে নিয়ে গোলমুখে তাদের নেওয়া ২০ শটের মধ্যে ছয়টি লক্ষ্যে ছিল। বিপরীতে সফরকারীদের গোল অভিমুখে ১০ শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পেরেছে রিয়াল।

প্রথমার্ধে অল্প সময়ের ব্যবধানে টানা দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের কল্যাণে এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। চার মিনিটের ব্যবধানে স্কোরলাইন ২-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরই হঠাৎ খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। তাদের ধারহীন ফুটবলের বিপরীতে আক্রমণে মনোযোগ দেয় ভায়োকানো। প্রথমার্ধের যোগ করা সময়ে পেদ্রো দিয়াসের গোলে ব্যবধান কমায় অতিথিরা।

বিরতির পরও দুর্দান্ত শুরু করে ভায়োকানো। তাদের আক্রমণাত্মক ফুটবলের কাছে অনেকটাই অসহায় ছিল রিয়াল। যদিও সফরকারী দলের ফরওয়ার্ডদের সুযোগ নষ্টের ভীড়ে পয়েন্ট ভাগ করতে হয়নি মাদ্রিদের প্রতিনিধিদের। এই জয়ে টেবিলের দুইয়ে ফিরেছে রিয়াল। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৭ পয়েন্ট। সমান পয়েন্ট হলেও গোলগড়ে এগিয়ে থাকায় শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলেছে কাতালানরা। ৫৬ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন