অনূর্ধ্ব ২৩ এশিয়ান কাপ বাছাই

কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি?

কেমন হলো বাংলাদেশের প্রস্তুতি?

ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতির জন্য বাহরাইন যায় বাংলাদেশ। দেশটিতে ১২ দিনের সফর শেষে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকায় ফিরবে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

প্রস্তুতির অংশ হিসেবে বাহরাইন অনূর্ধ্ব ২৩ দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় বাংলাদেশ। দুটিতেই হেরে যায় সফরকারীরা। প্রথমটিতে হারের ব্যবধান ১-০। দ্বিতীয় ম্যাচে ২ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

বিজ্ঞাপন

রোববার (২৪ আগস্ট) শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ। এদিন কোচিং স্টাফরা খেলোয়াড়দের প্রস্তুতি ম্যাচের ভুলগুলো শুধরে দেন। অনুশীলনের আগে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন মোরসালিন, আল আমিন, আরমান ফয়সাল আকাশরা।

সোমবার (২৫ আগস্ট) বাহরাইনের কোনো এক স্থানীয় দলের সঙ্গে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সে ব্যবস্থা না হওয়ায় নিজেদের মধ্যে ভাগ হয়ে মাঠে নামবে অতিথিরা।

প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে শতভাগ হার- এরপরও প্রস্তুতি নিয়ে বেশ খুশি বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন। বাছাইপর্বের আগে খেলোয়াড়দের শরীরী ভাষা বেশ আশা জোগাচ্ছে সাবেক এই ডিফেন্ডারকে।

ভিডিও বার্তায় আল মামুন বলেন, ‘আমরা দলের অবস্থা দেখতে চেয়েছিলাম। এজন্য দ্বিতীয় ম্যাচে সবাইকে খেলিয়েছি। আমরা সেরা সমাধান খুঁজে পাওয়ার খুব কাছাকাছি আছি। টিম স্পিরিট খুব দারুণ। আমরা ভালো কিছু নিয়ে দেশে ফিরব। আশা করছি এই প্রস্তুতি বাছাইপর্বে কাজে লাগবে।’

তিনি আরো বলেন, ‘বাছাইপর্বে আমাদের যে লক্ষ্য তার জন্য এই প্রস্তুতি কাজে দেবে। দল এখানে মাঠ, ট্রেনিং, খাবার, হোটেলসহ সব ধরনের সুবিধা পেয়েছে। খেলোয়াড়রা ফোকাসড। সবাই নিজেদের জায়গা থেকে সেরাটা দিয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন