হাসান নাওয়াজের বিধ্বংসী ব্যাটিং

রেকর্ডগড়া জয়ে সিরিজে টিকে রইল পাকিস্তান

রেকর্ডগড়া জয়ে সিরিজে টিকে রইল পাকিস্তান

প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে ছিল পাকিস্তান। সিরিজে টিকে থাকার জন্য তৃতীয় তথা শেষ ম্যাচে জিততেই হতো ম্যান ইন গ্রিনদের। এমন সমীকরণে রেকর্ডগড়ে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে তারা। দলকে জেতানোর পথে রেকর্ডগড়া সেঞ্চুরি করেছেন হাসান নাওয়াজ।

অকল্যান্ডের ইডেন পার্কে আগে ব্যাট করতে নেমে মার্ক চ্যাপম্যানের ঝড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২০৪ রান তোলে নিউজিল্যান্ড। বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ২৪ বল হাতে রেখে জয় তুলে নিয়েছে পাকিস্তান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০’র বেশি রান তাড়া করে এটা দ্রুততম জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার দখলে ছিল। ১৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২০৫ রান টপকে গিয়েছিল প্রোটিয়ারা।

বিজ্ঞাপন

ইনিংসের শুরু থেকেই নিউজিল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হারিস ও নাওয়াজ। উদ্বোধনী জুটিতে ৫.৫ ওভারে ৭৪ রান করেন তারা। ব্যক্তিগত ৪১ রানে জ্যাকব ডাফির শিকার হন হারিস। ২০ বল খেলেন এই ওপেনার।

এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। সালমান আলি আগাকে নিয়ে দ্বিতীয় উইকেটে ১৩৩ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয় এনে দেন নাওয়াজ। ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ৪৫ বলের মোকাবেলায় ১০ চারের পাশাপাশি সাতটি ছয় মারেন এই তরুণ ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা কোনো পাকিস্তানি ব্যাটারের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। ৪৯ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ডটির মালিক ছিলেন বাবর আজম।

চলমান সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় তার। প্রথম দুই ম্যাচেই শূন্য রানে ফেরেন নাওয়াজ। রানের খাতা খোলার ম্যাচে স্বপ্নময় সেঞ্চুরিতে দলকে জেতালেন এই ডানহাতি ব্যাটার। অপরপ্রান্তে ৩১ বলে ৫১ রানে অপরাজিত থাকেন সালমান।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে ৪৪ বলে ৯৪ রানের ইনিংস খেলেন চ্যাপম্যান। ১৮ বলে ৩১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। টিম সেইফার্টের অবদান ১৯ রান। এছাড়া ১৭ রান এনে দেন ড্যারেল মিচেল। পাকিস্তানের হয়ে ২৯ রানে ৩ উইকেট নেন হারিস রউফ। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদির শিকার দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০৪/১০ (১৯.৫ ওভার); মার্ক চ্যাপম্যান ৯৪, মাইকেল ব্রেসওয়েল ৩১, সেইফার্ট ১৯; ৩/২৯

পাকিস্তান: ২০৭/১ (১৬ ওভার); হাসান নাওয়াজ ১০৫*, সালমান ৫১*, হারিস ৪১; জ্যাকব ডাফি ১/৩৭

ফল: পাকিস্তান ৯ উইকেটে জয়ী

ম্যাচসেরা: হাসান নাওয়াজ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন