উয়েফা ইউরোপা লিগের শেষ ষোল'র দ্বিতীয় লেগে ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে প্রথম লেগে ১-১ গোলের ড্রয়ে শেষ হয় দুই দলের লড়াই। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পা রেখেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি।
ওল্ড ট্রাফোর্ডে ম্যাচজুড়ে সোসিয়েদাদের ওপর প্রভাব বিস্তার করে খেলেছে ইউনাইটেড। বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দেওয়া স্বাগতিকরা বিরতির পর তিনবার জালের দেখা পায়। ম্যাচে পাঁচ গোলের মধ্যে তিনটাই হয়েছে স্পট কিক থেকে।
জিতলেও ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ম্যাচের দশম মিনিটে স্পট কিক থেকে সোসিয়েদাদকে এগিয়ে নেন ওইয়ারজাবাল। সে খুশি বেশিক্ষণ স্থায়ী হয়নি সফকারীদের। ১৬তম মিনিটে স্পট কিক থেকে গোল করে ইউনাইটেডকে ম্যাচে ফেরান ফার্নান্দেজ। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফেরার পাঁচ মিনিটের মাথায় আরও একবার স্পট কিকের ঘটনা ঘটে। এবার স্পট কিক থেকে গোল করে ইউনাইটেডকে এগিয়ে নেন ফার্নান্দেজ। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে দলের এবং নিজের তৃতীয় গোলটি করেন এই পর্তুগিজ তারকা। যোগ করা সময়ে সোসিয়েদাদের জালে শেষ পেরেক ঠুঁকে দেন দিয়েগো ডালোট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

