লিগ পর্বের শেষ হওয়া ৮ রাউন্ডের সবগুলোতেই জাতীয় দলের ক্রিকেটারদের পেয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের দলগুলো। ঈদের পর আগামী ৬ এপ্রিল থেকে ফের মাঠ গড়াবে ডিপিএল। সূচি অনুযায়ী আগামী ১৩ এপ্রিল শেষ হবে লিগ পর্বের খেলা। এরপর ১৫ কিংবা ১৬ এপ্রিল থেকে সুপার লিগের ম্যাচগুলো মাঠে গড়ানোর কথা। ডিপিএলের শিরোপা নির্ধারণী এই অংশে জাতীয় দলের ক্রিকেটারদের পাবে না ক্লাবগুলো। এমনকি রবিন রাউন্ড লিগ শেষ হওয়ার আগেই জাতীয় দলের ক্রিকেটারদের ছেড়ে দিতে হতে পারে। কারণ, আগামী ১১ এপ্রিল থেকে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু হওয়ার কথা রয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে জাতীয় দলের এবারের ক্যাম্প।
জাতীয় দলের ক্যাম্প শুরু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ঐতিহ্যবাহী মোহামেডান। দলটির জার্সিতে খেলছেন জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় আছেন- মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। এই চারজনই ডাক পাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। এ ছাড়া ডাক পেতে পারেন মোহামেডানের আরেক তরুণ তুর্কি মাহিদুল ইসলাম অঙ্কন। ফলে জাতীয় দলের ক্যাম্প শুরু হলে অন্তত ৫ জন ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে ঐতিহ্যবাহী দলটিকে। অন্যদিকে অসুস্থতার কারণে দলটির অধিনায়ক তামিম ইকবাল এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না মোহামেডানের জার্সিতে।
মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীকে অবশ্য এত বেগ পেতে হবে না। দলটিতে থাকা মমিনুল হক, নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন। দলে ডাক পেলে আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পে তারাও যোগ দেবেন। এই তিন ক্রিকেটারের বাইরে আবাহনী থেকে আর কোনো ক্রিকেটারের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ডাক পাওয়ার সুযোগ খুবই কম। অন্যদিকে লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে জাতীয় দলের এবারের মিশনে ডাক পেতে পারেন জাকের আলী অনিক ও মাহমুদুল হাসান জয়। ডিপিএলের দশম রাউন্ডের পর তাদের সার্ভিস নাও পেতে পারে দলটি।
সুপার লিগে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের দল থেকে জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় আছেন- জাকির হাসান, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ। এ ছাড়া পিএসএলে খেলার ছাড়পত্র পাওয়ায় ডিপিএল ছেড়ে যাবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দশম রাউন্ড পর্যন্ত জাকির-খালেদদের পাবে দলটি। তবে রিশাদ প্রাইম ব্যাংকের জার্সিতে আর মাঠে নামবেন না। আগামী রোববার পিএসএল খেলতে পাকিস্তানে যাবেন তিনি। প্রাইম ব্যাংক লিগের পরের অংশে শাহাদাত হোসেন দিপুর সার্ভিস নাও পেতে পারে। ধারণা করা হচ্ছে- তিনিও ডাক পেতে পারেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। যদি সেটা সত্যি হয়- তাহলে মোহামেডানের মতো সুপার লিগের আগে পাঁচ ক্রিকেটারকে হারাবে দলটি।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের হয়ে খেলার ওপেনার সাদমান ইসলামের সুযোগ মিলতে পারে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে। জাতীয় দলে ডাক পেলে দশম রাউন্ডের পর ডিপিএল ছেড়ে তাকেও ক্যাম্পে যোগ দিতে হবে। এ ছাড়া গুলশান ক্রিকেট ক্লাবের লিটন দাসকেও দলটির জার্সিতে নবম রাউন্ডের পর ডিপিএলে দেখা যাবে না। আগামী ৮ এপ্রিল পিএসএল খেলতে পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে তার। এ ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ডাক পেতে পারেন দুই স্পিনার হাসান মুরাদ ও নাঈম হাসান। যদি ডাক পান তাহলে অগ্রণী ব্যাংকের ডেরা ছেড়ে নাঈমকে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে হবে আর মুরাদকে ছাড়তে হবে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। তবে সেক্ষেত্রে খুব একটা ক্ষতির মুখে পড়বে না ধানমন্ডি। কারণ, সুপার লিগে ওঠার দৌড়ে অনেকটাই পিছিয়ে আছে দলটি।
সাধারণত যেকোনো সিরিজের আগে হওয়া জাতীয় দলের ক্যাম্পে প্রায় ২৫-৩০ জন ক্রিকেটারকে ডাকা হয়। তবে এবার এত বেশি ক্রিকেটারকে না ডাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। মূলত ডিপিএলে ক্লাবগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচক প্যানেলের এক সদস্য জানিয়েছেন, যারা জাতীয় দলের জন্য বিবেচনায় থাকবেন শুধু সেসব ক্রিকেটারকেই এবারের ক্যাম্পে ডাকা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

