ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বিষয়টি নিশ্চিত করেছে। ব্র্যাথওয়েট সরে দাঁড়ানোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে খুব শিগগিরই এই সংস্করণের অধিনায়ক বেঁছে নেবে ক্যারিবিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৯ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ব্র্যাথওয়েট। এর মধ্যে জয়ের স্বাদ পেয়েছেন ১০ বার। তার অধীনে ২২টি সাদা পোশাকের ম্যাচ হেরেছে ক্যারিয়ানরা। বাকি সাত ম্যাচ ড্র হয়েছে।
নেতৃত্ব ছাড়ার বিষয়টি আগেই জানিয়েছিলেন ব্র্যাথওয়েট। বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড লিখেছে, 'ক্রেইগ ব্র্যাথওয়েট আনুষ্ঠানিকভাবে টেস্ট অধিনায়কের পদ থেকে পদত্যাগ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের সবশেষ পাকিস্তান সফরের আগে তিনি সিডব্লিউআইয়ের কাছে নেতৃত্ব নিয়ে এই সিদ্ধান্ত জানান। ধারাবাহিকতার গুরুত্ব বুঝতে পেরে ব্র্যাথওয়েট এই সিদ্ধান্ত নিয়েছেন এবং পরিবর্তন চেয়েছিলেন।'
ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি নেতৃত্বেও এসেছে পরিবর্তন। কোচ ড্যারেন স্যামির পরামর্শে রোভম্যান পাওয়েলকে সরিয়ে নেতৃতভার দেওয়া হয়েছে শাই হোপের কাঁধে৷ তাই ওয়ানডের পর এবার কুড়ি ওভারের দলের অধিনায়কত্বও পেলেন এই তারকা ব্যাটার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

