বাংলাদেশ নারী ফুটবলে বসন্ত চলছে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণা চামকা, আফঈদা খন্দকার, মনিকা চামকা, শামসুন্নাহাররা। বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে ৩ ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। শুধু জয় বললে ভুল হবে- প্রতিপক্ষকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়েছে পিটার বাটলারের দল। সে আনন্দের রেশ না কাটতেই এবার আরও একবার মাঠের খেলায় ব্যস্ত হতে যাচ্ছে বাংলাদেশ।
যদিও এবার জাতীয় দল নয়, সাফ অনূর্ধ্ব ২০ উইমেন্স চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। গতবারের মতো এবারও টুর্নামেন্টটির আয়োজক বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ১১ থেকে ২১ জুলাই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার (৯ জুলাই) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে উঠেছে স্বাগতিক দলের মেয়েরা।
বাংলাদেশের সামনে এবার শিরোপা ধরে রাখার মিশন। অনেক নাটকীয়তার পর সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টের গত আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এবার টুর্নামেন্ট শুরুর ঠিক আগ মুহূর্তে নিজেদের সরিয়ে নিয়েছে প্রতিবেশী দেশটি। ভারত নাম প্রত্যাহার করায় শিরোপার লড়াই হবে ৪ দলের মধ্যে। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল চ্যাম্পিয়নের মুকুট পরবে।
উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১৩ জুলাই আয়োজকদের প্রতিপক্ষ নেপালে। ১৫ জুলাই ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফিরতি লেগে ১৭ জুলাই ভুটান, ১৯ জুলাই শ্রীলঙ্কা ও ২১ জুলাই নেপালের বিপক্ষে মাঠে নামবে আফঈদারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

