সর্বোচ্চটা উজাড় করে লড়াইয়ের বার্তা স্যামির

সর্বোচ্চটা উজাড় করে লড়াইয়ের বার্তা স্যামির

সাদা বলে ভারতের মাটিতে ভারতকে ভালোই চোখ রাঙিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবার সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের লড়াই; এমন ফরম্যাট যেখানে সাম্প্রতিক সময়ের রেকর্ড তেমন ভালো নয় ক্যারিবীয়দের। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে নিজেদের শেষটা দারুণভাবে রাঙাতে চান বলে জানিয়েছেন উইন্ডিজ কোচ ড্যারেন স্যামি।

বিজ্ঞাপন

সোমবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম সংবাদ সম্মেলনে সিরিজের প্রস্তুতি নিয়ে স্যামি বলেন, 'বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। এই বছর আমরাও ভালো ক্রিকেট খেলেছি। সিরিজের জন্য উন্মুখ হয়ে আছি। যথারীতি প্রতিপক্ষকে সম্মান করছি, তাদের নিয়ে গবেষণা করছি এবং এমন পরিকল্পনা তৈরি করছি যা আমাদের জয়ী হতে সাহায্য করবে।'

ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। সর্বশেষ ৪ ম্যাচের সবগুলোই জিতেছে স্বাগতিকরা। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে খেলতে চাপ অনুভব করছে কিনা ওয়েস্ট ইন্ডিজ, এমন প্রশ্নের উত্তরে স্যামি বলেন, 'জীবনে সবসময়ই চাপ থাকে। আপনি কীভাবে তা সামলান সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওয়েস্ট ইন্ডিজের দল সাধারণত সবারই দ্বিতীয় পছন্দের দল। আমার সেরা টি-টোয়েন্টি ম্যাচগুলোর একটি এই বাংলাদেশেই হয়েছে। তাদের বিপক্ষে আমাদের দারুণ কিছু সিরিজ কেটেছে। এই বছর উভয় দল যেভাবে খেলেছে, তাতে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হতে চলেছে। আর শেষ পর্যন্ত, যে দল মোমেন্টাম নিজেদের পক্ষে বেশি ধরে রাখতে পারবে, তারাই জিতবে। আমরা এখানে সে লক্ষ্যেই এসেছি। বাংলাদেশ এই বছর ভালো করেছে, তারা অস্ট্রেলিয়ায় গেছে, খুব ভালো করেছে, তাদের আত্মবিশ্বাস উঁচুতে রয়েছে। ছেলেরা খেলছে এবং পারফর্ম করছে, ঠিক যেমনটা আমার দলের ছেলেরাও এই বছর খেলছে এবং খুব ভালো করছে। আমি সিরিজটি নিয়ে রোমাঞ্চিত। দিনশেষে এটি পাঁচ দিন ধরে ব্যাট ও বলের লড়াই, যা উভয় দলই জেতার চেষ্টা করছে। আশা করি এটি ওয়েস্ট ইন্ডিজের পক্ষেই যাবে।'

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমানে চক্রে তেমন ভালো অবস্থানে নেই ওয়েস্ট ইন্ডিজ। ৯ দলের মধ্যে অষ্টম অবস্থানে আছে তারা। তবে শেষটা ভালোভাবে করতে চায় তারা। আর সেজন্য ক্রিকেটারদের সর্বোচ্চটা উজাড় করে দেয়ার বার্তা দিয়েছেন কোচ।

এ প্রসঙ্গে স্যামি বলেন, 'এই বছর আমরা যেভাবে টেস্ট ক্রিকেট খেলেছি, তাতে এই বছর আমরা কোনো সিরিজ হারিনি। সিরিজ না হেরে একটি পুরো বছর পার করা বড় ব্যাপার। এটি টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের শেষ সিরিজ। ছেলেদের প্রতি বার্তা—সবকিছু উজাড় করে দাও। এই চক্রে আমাদের জন্য টেস্ট ক্রিকেটের আর সম্ভাব্য দশ দিন বাকি আছে এবং মাঠে নেমে নিজেদের সেরাটা দিয়ে দাও। যা-ই অনুপ্রাণিত করুক না কেন, তা ব্যবহার করেই মাঠে পারফরম্যান্স বের করে আনুন। আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি। যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল তখন আমাদের লক্ষ্য ছিল আমরা কোথায় শেষ করতে চাই। আমাদের যা আছে, প্রতিপক্ষকে বিবেচনা করে, আমরা সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য খুব ভালো অবস্থানে আছি। আমি এটি নিয়ে বহুবার কথা বলেছি, আমাদের দলের কাছে সাফল্যের অর্থ কী। ছেলেদের প্রতি আমার বার্তা, এই টেস্ট চ্যাম্পিয়নশিপে, যদি শীর্ষ পাঁচে শেষ করতে পার, তবে অতিরিক্ত প্রণোদনা রয়েছে। প্রাইজমানির দিক থেকে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রচুর অর্থ বিনিয়োগ করেছে এবং এটি আমাদের ছেলেদের জন্য গত দুটি সাইকেলে আট নম্বরে শেষ করা থেকে উঠে আসার একটি সুযোগ। আমি ছেলেদের চ্যালেঞ্জ দিয়েছি, মাঠে আমাদের পারফরম্যান্সের মাধ্যমে দলকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার, যাতে স্পন্সরদের আকর্ষণ করা যায়। সাদা বলে দল ভারতে কাজটা অত্যন্ত ভালোভাবে করেছে এবং আশা করি এখানে লাল বলের দল হিসেবেও সেটা করতে পারব।'

চার-ছক্কায় দর্শকদের বিনোদিত করার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে উইন্ডিজের। এই সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চায় তারা। আর সেটা করতে পারলে জয় নিয়েই মাঠ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বাস দলটির কোচের।

স্যামি বলেন, 'বাংলাদেশের মতো দলের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করতে পেরে আমি রোমাঞ্চিত। এটা প্রমাণিত যে তাদের ঘরের মাঠে হারানো অত্যন্ত কঠিন। আশা করি আমরা দর্শকদের বিনোদন দিতে পারব, আর যখন আমরা বিনোদন দেই, ওয়েস্ট ইন্ডিজ বিজয়ী হয়েই মাঠ ছাড়ে।'

ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজে অনবদ্য পারফর্ম করেছেন উইন্ডিজ ব্যাটার শাই হোপ। সর্বশেষ ভারত সিরিজেও তার ব্যাট কথা বলেছে দারুণভাবে। বাংলাদেশ সফরে তাকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। হোপের অভাব কতটা ভোগাবে তাদের, সেই প্রশ্নের উত্তরে স্যামি বলেন,

'শাই হোপ যা করেছে তা আমরা দেখেছি। যেহেতু সে সব ফরম্যাটে খেলছে, সে আমাদের জন্য দারুণ ছিল। তবে জাস্টিন গ্রিভস, জাঙ্গু, জন ক্যাম্পবেল—তার যেভাবে উন্নতি হয়েছে, টেস্ট ক্রিকেটে ব্রেন্ডন কিংয়ের আগমন, ওয়ারিকান, শামার জোসেফ, জেডন সিলস—তারাও কম নয়। আমরা একজন ব্যক্তির ওপর নির্ভর করি না। শাই হোপকে মিস করছি, তবে এটি অন্য কারোর জন্য নিজেকে মেলে ধরার এবং নাম তৈরি করার একটি সুযোগ।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন