বাংলাদেশ ক্রিকেটে যেন প্রতিনিয়তই জন্ম হচ্ছে নতুন নতুন বিতর্কের। তাওহিদ হৃদয় ইস্যুতে এনামুল হক মনি ও এলিট প্যানেল আম্পায়ার শরফুদৌল্লা ইবনে শহীদ সৈকতের পদত্যাগের পর উঠে এসেছে ম্যাচ রেফারিদের দ্বন্দ্বের কথা। জানা গেছে, ম্যাচ রেফারিদের বৈঠকে নিয়ামুর রশিদ রাহুলের সঙ্গে আগ্রাসী আচরণ করেছেন আরেক ম্যাচ রেফারি দেবব্রত পাল। বিষয়টি নিয়ে ইতোমধ্যে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন ম্যাচ রেফারিরা। সেখানে নিয়ামুর রশিদ রাহুলসহ স্বাক্ষর করেছেন এহসানুল হক সেজান, আকতার আহমেদ শিপারের মতো বেশ কজন ম্যাচ রেফারি। এর প্রতিবাদে আজ মিরপুরে সংবাদমাধ্যমের সামনে ঘটনার প্রতিবাদ করেন দেবব্রত পাল। পাশাপাশি বিসিবি সভাপতি বরাবর নিয়ামুর রশিদ রাহুলকে নিয়ে অভিযোগ দেন তিনি।
ঘটনার সূত্রপাত একটি বৈঠককে কেন্দ্র করে। সেখানে দেবব্রত পালের আগ্রাসী আচরণের অভিযোগ তোলেন নিয়ামুর রশিদ রাহুল। পাশাপাশি তোলা হয় রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগও। এরপরই তার সঙ্গে বৈঠকে বসতে নিরাপত্তাহীনতার কথা জানান রাহুলসহ অন্যান্য ম্যাচ রেফারি। সেখানে বৈঠক পুরোপুরি রেকর্ড করা হয়েছে বলেও জানান। ম্যাচ রেফারিদের দাবি, ওই রেকর্ডেই প্রমাণ আছে কতটা আগ্রাসী আচরণ করেছেন দেবব্রত পাল।
তবে বিষয়টি অস্বীকার করে দেবব্রত পাল জানান, তেমন কোনো কিছুই তিনি করেননি। বরং রাহুল তার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। এ নিয়ে গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে বলেন, ‘আম্পায়ার্স কমিটির প্রধান সেদিন বলেছিলেন এই সভার অডিও রাখা হোক। অডিও রেকর্ডেই যাবতীয় প্রমাণ আছে। আমি সেটি প্রকাশের দাবি জানাচ্ছি। তা প্রকাশ করা হলেই জানা যাবে আসলে কে সেদিন গালিগালাজ করেছিল।’
তিনি আরো যোগ করেন, খেলোয়াড়দের পক্ষে কথা বলায় রাহুলের আক্রোশের শিকার হন তিনি। এ নিয়ে দেবব্রতর ভাষ্য, ‘যদি কোনো প্লেয়ার অপরাধী হয়, অবশ্যই সে শাস্তি পাবে। একেবারে ক্লিয়ার। যখন আমি প্রটোকল মেনে চলার কথা বলি, তখন আন্তর্জাতিক ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল বলেন, ‘আপনি আঙুল উঁচিয়ে কথা বলছেন কেন?’ অত্যন্ত অশ্লীল ভাষায় আমাকে আক্রমণ করেন এবং আমাকে দেখে নেওয়ার হুমকিও দেন। উনি আমার বাবা-মা নিয়ে বলেছেন, যা অডিও রেকর্ডে আছে।’
এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার নিয়ামুর রশিদ রাহুলসহ অন্যান্য ম্যাচ রেফারির সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর। বর্তমানে দেশের ক্রিকেটে বিসিবির আম্পায়ার্স কমিটি নিয়ে একের পর এক বিতর্ক চলছেই। এর মধ্যেই যুক্ত হলো এই ঘটনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

