খসড়া ভোটার তালিকায় নেই বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলের নাম

খসড়া ভোটার তালিকায় নেই বিতর্কিত ১৫ ক্লাবের কাউন্সিলের নাম

বিসিবি নির্বাচনকে ঘিরে প্রতিনিয়তই হচ্ছে নানা নাটকীয়তা। তফসিল অনুযায়ী গত পরশু সোমবার সন্ধ্যায় খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। দিনভর নানা নাটকীয়তার পর গতকাল সন্ধ্যায় সংশোধিত তফসিল প্রকাশের পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিসিবি। এই তালিকায় জায়গা হয়নি বিতর্কিত ১৫ ক্লাবের কোনো কাউন্সিলের নাম। তাদের মালিকানা সম্পর্কিত জটিলতা নিরসনে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন


প্রাথমিক তফসিল অনুযায়ী গত পরশু সন্ধ্যা ৭টায় প্রকাশ করার কথা ছিল খসড়া ভোটার তালিকা। তবে বোর্ড সভা এবং হাইকোর্টে হওয়া রিট আবেদনের আদেশ ও সেই আদেশের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়নি। পরে গতকাল তফসিল সংশোধনের পর প্রকাশ করা হয় খসড়া ভোটার তালিকা।
এই তালিকায় জায়গা হয়নি সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সময়ে ২০১৪-২৪ সময়কালে তৃতীয় বিভাগ বাছাই লিগ পেরিয়ে আসা ক্লাবগুলোর কাউন্সিলরদের নাম। ক্লাবগুলো হলো- এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমি, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাব। ফলে ক্যাটাগরি-২-এ কাউন্সিলর মনোনয়ন পেয়েছেন ৬১ জন।


ক্লাব ক্যাটাগরিতে ৬১ জনসহ মোট ১৭১ জন ভোটারের তালিকা প্রকাশ করেছে বিসিবি নির্বাচনের নির্বাচন কমিশন। জেলা ও বিভাগীয় পর্যায় অর্থাৎ ক্যাটাগরি এক থেকে ছয়জন কাউন্সিলরের নাম পাওয়া যায়নি। সেগুলো হলো- নরসিংদী, সিলেট, নওগাঁ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ।


সংশোধিত তফসিল অনুযায়ী আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামীকাল হবে আপত্তির ওপর শুনানি। আগামী শুক্রবার প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। তফসিলে সংশোধন আনলেও ভোটগ্রহণের তারিখে পরিবর্তন আসেনি। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। একই দিনে ফলাফল ঘোষণার পর সভাপতি ও সহসভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন