বিসিবির গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাব বাতিলের দাবি

ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম

স্পোর্টস রিপোর্টার

ঢাকার ক্লাবগুলোর আলটিমেটাম

বিষয়টি নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্রিকেটাঙ্গনে বিতর্ক চলছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্রের সংশোধনের জন্য যখন নাজমুল আবেদীন ফাহিমকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, তখন থেকেই এ বিতর্কের সৃষ্টি। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হয়ে আসা ফাহিমের সঙ্গে ক্রিকেট সংশ্লিষ্ট নন, এমন চারজনকে এই কমিটিতে রাখা হয়েছে। এরপর যখন এই কমিটি বিসিবির গঠনতন্ত্রের সংশোধনের খসড়া প্রস্তাব করে, তা নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠছে ঢাকার ক্রিকেট। খসড়া সংশোধনী বাতিলের দাবিতে একজোট হয়েছে ঢাকার ক্লাবগুলো। গতকাল রাজধানীর একটি হোটেলে ঢাকা কমিটি অব ঢাকা মেট্রোপলিটনকে (সিসিডিএম) আওতাভুক্ত ৭৬টি ক্লাবের মধ্যে ৬৭টি ক্লাবের কর্মকর্তা, প্রতিনিধিরা একত্রিত হয়ে মতবিনিময় করেছেন। এ সভায় ঢাকার ক্লাবগুলোর পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সংশোধনী প্রস্তাব বাতিল চেয়ে তিন দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। পাশাপাশি বিসিবি গঠনতন্ত্র সংশোধনী কমিটির পরিবর্তন চাওয়া হয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রিমিয়ার, প্রথম শ্রেণি থেকে শুরু করে সব ধরনের লিগ বন্ধ থাকবে এবং কোনো ধরনের দলবদলে অংশ না নেবে না ক্লাবগুলো।

বিজ্ঞাপন

মত বিনিময় সভায় বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, ‘গঠনতন্ত্র সংশোধনীর নামে যা করা হয়েছে, তাতে আমাদের ক্লাবগুলোকে অপমান করা হয়েছে। ঢাকার ক্লাবগুলো ক্রিকেট উন্নয়নে অনেক অবদান রেখেছে। অথচ ১২ জন বোর্ড ডিরেক্টর থেকে আমাদের চারজনে নিয়ে আসা হয়েছে। কাউন্সিলর ৭৬ থেকে ৩০ জনে নিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। এ ব্যাপারে তারা যদি সদুত্তর না দেয়, তাহলে আমরা ক্লাব খেলা থেকে বিরত থাকব। যতক্ষণ পর্যন্ত এটা সংশোধন না করা হবে।’ লালমাটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক আদনান রহমান দিপন বলেছেন, ‘নাজমুল হোসেন ফাহিম ক্রিকেটে থাকতে পারবেন না। তাকে ক্রিকেটে ছেড়ে দিতে হবে।’ তিনি আরো বলেন, ‘বর্তমান বোর্ড কি অবৈধ নয়, তিনি কি বৈধ? অনেক বড় বোদ্ধা হয়ে গেছেন নাজমুল আবেদীন ফাহিম। তাকে বোর্ডে দেখতে চাই না।’ রফিকুল ইসলাম বাবু বলেন, ‘যে কাজটা তিনি করেছেন, এটা সবাইকে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছেন। এটা বলতেই পারেন (দিপন)। ঢাকার ক্লাবগুলো না চায় তাহলে বোর্ড চালানোর ক্ষমতা নেই কারও যৌক্তিক কারণে।’ বিসিবিতে পরিচালক হিসেবে ১৫ জনকে চায় ঢাকার ক্লাবগুলো। আলটিমেটামের ব্যাপারে বাবু বলেন, ‘আমরা তিন দিন সময় দিয়েছি। এখনও সংশোধিত গঠনতন্ত্র পাস হয়নি। যে প্রক্রিয়ায় আছে, সেটি যদি বাতিল বা বন্ধ করা হয়, তাহলে আমাদের আন্দোলন উঠিয়ে নেওয়া হবে। যত দিন এটা না করবে, আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

বিসিবি গঠনতন্ত্রের খসড়া সংশোধনীতে বিসিবির সাধারণ পরিষদে ক্যাটাগরি-২-এ সিসিডিএমভুক্ত ৭৬ ক্লাব থেকে কাউন্সিলর (৭৬) কমিয়ে ৩০-এ নামিয়ে আনার প্রস্তাব রাখা হয়েছে। শুধু তাই নয়, বিসিবির কার্যনির্বাহী কমিটিতে ৭৬ ক্লাব প্রতিনিধি বা কাউন্সিলের মধ্য থেকে বর্তমানে যে ১২ পরিচালক নির্বাচিত হন। সেই সংখ্যা কমিয়ে ৪-এ আনার প্রস্তাবও রাখা হয়েছে। সিসিডিএম বিলুপ্ত করারও প্রস্তাব করা হয়েছে। মতবিনিময় সভায় বক্তারা বলেন, ঢাকার ক্লাব ক্রিকেটে মর্যাদা ও ঐতিহ্যের প্রতি চরম অবমাননা। সংশোধনী প্রস্তাব দিয়ে ঢাকার ক্রিকেট সংগঠকদের অসম্মান করা হয়েছে। আগামী শনিবার বিসিবি সভাপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ঢাকার ক্রিকেট ক্লাবগুলোর প্রতিনিধিরা। লিজেন্ড অব রূপগঞ্জের স্বত্বাধিকারী লুৎফুর রহমান বাদল বলেন, ‘গঠনতন্ত্রের যে সংশোধানী আনা হয়েছে, তা মেনে নেওয়া যায় না।’ বারিধারা ড্যাজলারের আলী আহসান বাবু বলেন, ‘গঠনতন্ত্র সংশোধন কমিটি দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। যা হয়েছে, এটা একেবারেই হতে পারে না।’ রংপুর রাইডার্সের প্রতিনিধি সানিয়ান বলেন, ‘ক্লাবগুলো বাঁচলে ক্রিকেট বাঁচবে। ক্লাবগুলোকে সরিয়ে দেওয়াটা দুঃখজনক।’

গঠনতন্ত্র সংশোধনের খসড়া প্রস্তাবটি এখনও পর্যালোচনার জন্য বিসিবির কার্যনির্বাহী কমিটিতে উত্থাপন করা হয়নি। উত্থাপন হওয়ার পর কার্যনির্বাহী কমিটি পর্যালোচনার পর খসড়া অনুমোদন দেবে এবং সেটা চূড়ান্তভাবে পাশ হবে বিসিবির এজিএমে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন