বাজেট পাস করানোর বোর্ড সভা আজ

বাজেট পাস করানোর বোর্ড সভা আজ

ক্রিকেটের বাইরের নানান ঘটনায় বেশ আলোচনায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যেই গত পরশু রোববার হুট করে অনলাইনে সভায় বসেন বিসিবি পরিচালকরা। সেখানে মূলত বিসিবির বিভিন্ন আর্থিক বিষয় নিয়ে আলোচনা হয়। বিসিবির একাধিক বোর্ড পরিচালক জানিয়েছেন, অনলাইন সভায় মূলত ২০২৩-২৪ অর্থবছরের অডিট রিপোর্ট পাস করানোর কথা ছিল। তবে শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের আলোচনা অসমাপ্ত থাকায় সেটা সম্ভব হয়নি। এ ছাড়া বিসিবির ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে আর্থিক কৌশল নিয়েও আলোচনা হয়। তবে গভীর আলোচনার পর চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না আসায় মাঝপথে বৈঠক স্থগিত করা হয়। সেই স্থগিত বৈঠক আজ মঙ্গলবার বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এবারের বোর্ড সভায় মূলত বিসিবির ২০২৩-২৪ অর্থবছরের অডিট রিপোর্ট অনুমোদন করানো হতে পারে। আগামী বার্ষিক সাধারণ সভায় এই অডিট রিপোর্ট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রিপোর্ট পাস করানোর জন্য অবশ্য বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাউন্সিলরদের অনুমোদনের প্রয়োজন রয়েছে। এ ছাড়া বিসিবির বর্তমান বাজেট নিয়েও আলোচনা হবে এবারের বোর্ড সভায়। তবে সবচেয়ে বেশি আলোচনা হতে পারে বিসিবির আর্থিক নিরাপত্তা কৌশল নিয়ে। এবারের বোর্ড সভায় মূলত সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে বিসিবির আর্থিক বিষয়াদি। এ ছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে।

বিজ্ঞাপন

পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিসিবির আম্পায়ার্স বিভাগ ও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঘটে যাওয়া বিষয়গুলো নিয়েও হতে পারে দীর্ঘ আলোচনা। সব মিলিয়ে এবারের এই গুরুত্বপূর্ণ বোর্ড সভা হতে পারে বেশ লম্বা। এর আগে গত ২৪ মার্চ বিসিবির বোর্ড সভা হওয়ার কথা ছিল। তবে ওইদিন বিকেএসপিতে তামিম ইকবাল হুট করে হৃদরোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হলে সেই বোর্ড সভা স্থগিত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন