এই ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা লিওনেল মেসি। ম্যাচের আগে চোটে পড়েন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও ব্যবধানটা সাদামাটা। পুরোটা সময় দাপুটে ফুটবল খেলে আলবিসেলেস্তেরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে। গোলটি করেন জিওভানি লো সেলসো।
এই ম্যাচ দিয়ে ফের জয়ের ধারায় ফিরল আর্জেন্টিনা। গত মাসে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। এবার তাকে ছাড়াই জিতল।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ষষ্ঠ মিনিটেই দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েও মিস করেন লাউতারো মার্টিনেজ। সাত মিনিট পর তার আরেকটি শট হয় লক্ষ্যভ্রষ্ট। ১৭তম মিনিটে নিকো পাসের জোরাল শট ঝাঁপিয়ে আটকান ভেনেজুয়েলা গোলকিপার জোসে কনত্রেরাস।
৩১তম মিনিটে আচমকাই সুবর্ণ সুযোগ পায় ভেনেজুয়েলা। কিন্তু গোলমুখে ফাঁকায় বল পেয়েও অবিশ্বাস্যভাবে লক্ষ্যভ্রষ্ট হেড করেন আলেহান্দ্রো মার্কেস। এক মিনিট বাদেই এগিয়ে যায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে উঠে ভেনেজুয়েলার জালে বল পাঠান লো সেলসো।
পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

