প্রতিযোগিতামূলক ফুটবলে হারের বৃত্তে বন্দি ছিল জার্মানি। অবশেষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে এসে জয়ের ধারায় ফিরল দলটি। নর্দার আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা তিন হারের পর প্রথম জয়ের দেখা পেল জুলিয়ান নাগেলসম্যানের দল।
আগের ম্যাচের একাদশে পাঁচটি পরিবর্তন এনে খেলতে নামা জার্মানদের সের্গে জিনাব্রি শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান ইসাক প্রাইস। নাদিম আমিরি স্বাগতিকদের আবার লিড এনে দেওয়ার পর ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান রিটজ।
গোটা ম্যাচে প্রায় ৮০ শতাংশ পজেশন রাখা জার্মানি প্রথমার্ধে লক্ষ্যে শট রাখতে পারে মাত্র একটি। পরের ধাপে উন্নতি হয় তাদের, সব মিলিয়ে গোলের জন্য দলটির ১১টি শটের ৬টি ছিল লক্ষ্যে। আয়ারল্যান্ডের ৩ শটের একটি লক্ষ্যে ছিল।
ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। নিক ভল্টামাডার পাস ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন জিনাব্রি। ৩৪তম মিনিটে সেই গোল শোধ দেয় আয়ারল্যান্ড। ভলিতে বল জালে পাঠান ইসাক প্রাইস।
দ্বিতীয়ার্ধের ৬৯তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা করে বল বাড়ান জার্মানির ডেভিড রাউম। গোলরক্ষক কিছুটা সামনে এগিয়ে ছিলেন, বল বাঁক খেয়ে চলে যায় তার পাশ দিয়ে। আর ফাঁকা জালে বল পাঠান আমিরি।
সেই রেশ থাকতেই ৭২তম মিনিটে ব্যবধান বাড়ান রিটজ। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুল ফরোয়ার্ড। শেষ দিকে জার্মানির একটি শট প্রতিহত হয় রক্ষণে, তাই ব্যবধান আর বাড়েনি।
একই সময়ে ‘এ’ গ্রুপের আরেক ম্যাচে লুক্সেমবার্গকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়েছে স্লোভাকিয়া। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দুইয়ে ও জার্মানি তিনে আছে। দুটিই হেরে তলানিতে লুক্সেমবার্গ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

