বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের পর আর কোনো টেস্ট খেলেনি দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামরা না খেলেছে কোনো লাল বলের ম্যাচ, না খেলেছে দিবা-রাত্রির গোলাপি বলের টেস্ট। দীর্ঘদিনের বিরতি শেষে ক্রিকেটের এ এলিট সংস্করণের ম্যাচ দিয়ে পাকিস্তান সফর শুরু করতে যাচ্ছে প্রোটিয়ারা। আফ্রিকার দলটির লক্ষ্য এখন জয়ের ছন্দে থাকা। টেস্টের বিশ্বচ্যাম্পিয়নরা শান মাসুদের পাকিস্তানকে হারিয়ে শুরু করতে চায় শিরোপা ধরে রাখার নতুন অভিযান।
শুধু দক্ষিণ আফ্রিকাই নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে এখনো কোনো ম্যাচ খেলেনি পাকিস্তানও। দুদলই আজ টেস্টের বিশ্বমঞ্চের নতুন মিশন শুরু করতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে পাকিস্তানের মাটিতে। যে কারণে হোম কন্ডিশনের সুবিধা লুটে নিয়ে সিরিজ ট্রফি ঘরেই রেখে দেওয়ার দিকে তাকিয়ে রয়েছে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। আর এ সিরিজ দিয়ে ঘরের মাঠে বাজে পারফরম্যান্সের দুর্নামটা এবার ঝেড়ে ফেলতে চায় তারা।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টটি মাঠে গড়াতে যাচ্ছে লাহোরে। গাদ্দাফি স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর্দা উঠতে যাচ্ছে আজ বেলা ১১টায়। ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে টি স্পোর্টসের পর্দায়। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে।
টেস্ট সিরিজটিতে স্বাগতিক পাকিস্তানের হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেন মোহাম্মদ রিজওয়ান ও সাউদ শাকিল। তাদের সঙ্গে পাকিস্তানের বোলিং আক্রমণে দাপট দেখাতে প্রস্তুত সাজিদ খান ও নোমান আলী। সফরকারী দক্ষিণ আফ্রিকা ব্যাটিং শক্তিতে বলীয়ান হয়ে আছে উইয়ান মুল্ডার আর এইডেন মার্করামকে দলে পেয়ে। বল হাতে তাদের সঙ্গী হয়ে সবার নজর কাড়তে ‘অস্ত্রে’ শান দিয়ে রেখেছেন ক্যাগিসো রাবাদা আর কেশব মহারাজ।
টেস্টের মুখোমুখি লড়াইয়ে অবশ্য দক্ষিণ আফ্রিকাই এগিয়ে। পরিসংখ্যান তো তেমনটাই বলছে। এখন পর্যন্ত ৩০টি টেস্ট খেলে প্রোটিয়ারা জয় পেয়েছে ১৭টিতে। বিপরীতে পাকিস্তান জিতেছে মাত্র ছয়টি ম্যাচ। ড্র হয়েছে বাকি সাতটি ম্যাচ। দুদলের মুখোমুখি হওয়া সর্বশেষ পাঁচ টেস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকা জিতেছে তিনটি ম্যাচ। বাকি দুটি জিতেছে পাকিস্তান। তারচেয়ে বড় কথা, টেস্টের বিশ্বশিরোপাধারীরা রয়েছে জয়ের দারুণ ছন্দে। সবশেষ খেলা পাঁচ টেস্টে শতভাগ জয় পেয়েছে তারা। টেস্টে জয়ের রেকর্ডটা বাড়িয়ে ১১ টেস্টে নিয়ে যাওয়ার লক্ষ্য এখন মার্করামদের। কিন্তু পাকিস্তান নিজেদের সবশেষ পাঁচ টেস্টে জয়ের দেখা পেয়েছে মাত্র দুটিতে। আর ১২ টেস্টের মধ্যে জিতেছে তারা মাত্র তিনটি। এ তথ্যটাই প্রমাণ করে মাঠের লড়াইয়ে অনেকটা পিছিয়ে সিরিজের আয়োজক পাকিস্তান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

