অ্যাটলেটিকো প্ল্যাটেন্স- বিশ্ব ফুটবলে ক্লাবটির কোনো পরিচিতি নেই, নেই নামিদামি কোনো ফুটবলার। সব মিলিয়ে প্ল্যাটেন্সের ক্ষেত্রে একটা বিশেষণই প্রযোজ্য- আনকোড়া। যদিও এই আনকোড়া ক্লাবটিই এখন বিশ্ব ফুটবলে আলাদাভাবে নজর কেড়েছে।
এর উপলক্ষটাও যথার্থ। ক্লাবের ১২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো আর্জেন্টিনার শীর্ষ লিগ প্রিমেরা ডিভিশনের শিরোপা জিতেছে প্ল্যাটেন্স। সর্বোচ্চ স্তরের ফুটবলে এটা তাদের প্রথম শিরোপা। ইতিহাস গড়ার পথে গত সোমবার ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী উরাকানকে ১-০ গোলে হারায় প্ল্যাটেন্স।
শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য প্রায় ১১০০ কিলোমিটার দূরের সান্তিয়াগো দেল এস্তেরো প্রদেশে যেতে হয়েছিল বুয়েনস আয়ারসের এই দুই ক্লাবকে। সামনে থেকে লড়াইটি দেখার জন্য কনকনে ঠান্ডা উপেক্ষা করে ম্যাচ ভেন্যু মাদ্রে দে সিউদাদেসে হাজির হয় দুই দলের ৩০ হাজার সমর্থক।
তাদের সাদরে গ্রহণ করে এস্তেরোর সাধারণ মানুষ। এত মানুষের আগমনে ম্যাচ ভেন্যুর আশপাশের এলাকাগুলো একদিনের জন্য যেন আনন্দ নগরীতে পরিণত হয়েছিল। সে আনন্দ গায়ে মাখিয়ে হাসি মুখ নিয়ে বুয়েনস আয়ারসে ফিরতে পেরেছে শুধু প্ল্যাটেন্স। ফাইনালে ৬৩ মিনিটে তাদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন গুইদো মাইনেরো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

