দুর্দান্ত কামব্যাকে ফাইনালে পিএসজি

দুর্দান্ত কামব্যাকে ফাইনালে পিএসজি

ফরাসি কাপের সেমিফাইনালে দানকারকুর বিপক্ষে পিএসজি যেভাবে ঘুরে দাঁড়াল সেটাকে একবাক্যে দুর্দান্তই বলতে হয়। ম্যাচের ৪৪ মিনিট পর্যন্ত নিচের সারির দলটির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে ছিল প্যারিসের প্রতিনিধিরা।সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তুলে নিয়েছে ৪-২ গোলের জয়। সেই সঙ্গে ফাইনালে পৌঁছে গেছে লুইস এনরিকের দল।

বিজ্ঞাপন

নিরপেক্ষ ভেন্যু পিয়েরে মাওরয়তে বল দখল এবং আক্রমণে নেতৃত্ব দিয়েছে পিএসজি। এরপরও ম্যাচের আয়ূ আধাঘণ্টার ঘরে না যেতেই দুই গোল হজম করে তারা। সপ্তম মিনিটে পিএসজির জাল কাঁপান ভিনসেন্ট সাসো। ২০ মিনিট পর দানকারকুর হয়ে ব্যবধান বাড়ান আল সাদ। এরপরও উসমান দেম্বেলের দারুণ পারফরম্যান্সের কারণে জয় নিয়ে ফিরতে পারেনি ফ্রান্সের দ্বিতীয় সারির ক্লাবটি। নিজে জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের একটি গোলে সহায়তা করেন দেম্বেলে।

৪৫ মিনিটে তার কল্যাণে ব্যবধান কমায় পিএসজি। বিরতি থেকে ফেরার তিন মিনিটের মাথায় পিএসজিকে ম্যাচে ফেরান মারকুইনহোস। ৬২ মিনিটে প্রথমবারের মতো ফ্রান্সের সফলতম ক্লাবটিকে এগিয়ে নেন দুয়ে। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দেম্বেলে আরও একবার জালের দেখা পেলে বড় জয় নিশ্চিত হয় পিএসজির।


অন্যদিকে জার্মান কাপে অঘটনের জন্ম দিয়েছে আর্মিনিয়া বিলেফেল্ড। মঙ্গলবার রাতে তারা বিদায় করে দিয়েছে বায়ার লেভারকুসেনকে। বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের ছিটকে দিয়ে নতুন ইতিহাস লিখেছে ক্লাবটি। নিজেদের মাঠে সেমিফাইনালে লেভারকুসেনকে ২-১ গোলে হারিয়েছে বিলেফেল্ড। দারুণ এ জয়ে প্রথমবার জার্মান কাপের ফাইনালের টিকিট কেটেছে পুচকে দলটি। জার্মানির তৃতীয় স্তরের ক্লাবটি ফাইনালে উঠার পথে শুধু লেভারকুসেনকেই ধরাশায়ী করেনি। একে একে তারা বিদায় করে দিয়েছে বুন্দেসলিগার চার-চারটি দলকে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন