এনসিএল টি-টোয়েন্টির পর বিপিএল- গত দুই মাসে বাংলাদেশি ক্রিকেটারদের মনোযোগ ছিল টি-টোয়েন্টি ক্রিকেট ঘিরে। টি-টোয়েন্টির মনোযোগ সরিয়ে এখন ওয়ানডে সংস্করণের চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে হবে। দীর্ঘ এই অনভ্যস্ততা কাটাতে মূল টুর্নামেন্ট শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ দুবাইয়ে এই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। এই প্রস্তুতি ম্যাচ দিয়েই এখাকার কন্ডিশন ও উইকেটের আচরণ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়ার অপেক্ষায় আছে বাংলাদেশ। দুবাইয়ে অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন দলের পেসার তানজিম হাসান সাকিব।
গত ১২ নভেম্বর সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ৪ উইকেটে হারা ওই ম্যাচই চ্যাম্পিয়নস ট্রফির আগে বাংলাদেশ দলের শেষ ওয়ানডে ম্যাচ। টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ ভারত। বিয়োগফল জানাচ্ছে সময়ের হিসাবে ৯৬ দিন পর কোনো ওয়ানডে ম্যাচ খেলবে সেদিন। মাঝে টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এখন ওয়ানডে সংস্করণের সঙ্গে মানিয়ে নেওয়া। পাশাপাশি বড় চ্যালেঞ্জ হবে দলের স্কোয়াডের বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে খেলতে নামার বিষয়টিও।
সবশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। শান্ত-হৃদয়রা ছিলেন না ইনজুরির কারণে আর পিতৃত্বকালীন ছুটির কারণে মোস্তাফিজকে ওয়েস্ট ইন্ডিজ সফরে পায়নি বাংলাদেশ। চ্যাম্পিয়নস ট্রফিতে থাকবেন এই তিনজন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজে খেলা স্কোয়াড থেকে লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম নেই চ্যাম্পিয়নস ট্রফিতে। অফফর্মের কারণে লিটন, আফিফ ও শরিফুলের জায়গা হয়নি পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির দলে। কম্বিনেশনের কারণে হাসান মাহমুদ দলে রাখা হয়নি। সব মিলিয়ে টুর্নামেন্ট ফেভারিট ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে কম্বিনেশন সাজানো এবং নিজেদের শক্তিমত্তা ঝালাই করার একমাত্র সুযোগ বাংলাদেশের সামনে আজকের আজকের এই প্রস্তুতি ম্যাচেই।
পাকিস্তান শাহিনসের বিপক্ষে আজকের প্রস্তুতি ম্যাচে নামার আগে তানজিম হাসান সাকিব জানান, প্রস্তুতি ম্যাচ থেকে পূর্ণ প্রস্তুতি নিতে চায় দল। উইকেট সম্পর্কে পূর্ণ ধারণা পাওয়া যাবে এমনটাই আশা তার। তিনি বলছিলেন, ‘প্রস্তুতি ম্যাচ থেকে আমরা মূল ম্যাচের প্রস্তুতি নিয়ে নেব। উইকেট সম্পর্কে যত বেশি তথ্য নেওয়া যায়। কোন বল এখানে ভালো কাজ করে, কোন লেন্থে করলে ব্যাটারদের কষ্ট হয় সেটা বোঝার চেষ্টা করব।’ তানজিম সাকিব আরো যোগ করেন, ‘ দুবাইয়ে আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গেছে। প্রথমে জিম করলাম। পরে নেট সেশন ভালো কেটেছে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- সব বিভাগই আমরা করেছি। খুব ভালো অনুভূত হচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ যে কেমন লাগছে। সব মিলিয়ে আজকের অনুশীলনের পর খুব ভালো অনুভূতি।’
আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচের জন্য টুর্নামেন্টের অংশগ্রহণকারী কোনো দলকে না পেলেও প্রস্তুতি ম্যাচে বেশ কঠিন প্রতিপক্ষই পাচ্ছে বাংলাদেশ। দিন কয়েক আগে বিপিএল খেলে যাওয়া মোহাম্মদ হ্যারিসের নেতৃত্বাধীন পাকিস্তান শাহিনস স্কোয়াডে থাকছেন আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম, উসামা মীরদের মতো ক্রিকেটাররা। ফলে প্রস্তুতি ম্যাচ দিয়ে নিজেদের যাচাই করার পূর্ণ সুযোগ থাকছে বাংলাদেশ দলের সামনে।
টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারতের বিরুদ্ধে ম্যাচটিই কেবল বাংলাদেশ দুবাইয়ে খেলবে। নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিরুদ্ধে বাকি দুটো গ্রুপ ম্যাচ হবে রাওয়ালপিন্ডিতে।
আজকের প্রস্তুতি ম্যাচে জয়ের সঙ্গে অরো বাড়তি কিছুর দিকেও বাংলাদেশের চোখ। ২০ ফেব্রুয়ারি সম্ভাব্য ভারত বধের আত্মবিশ্বাস আজকের প্রস্তুতি ম্যাচ থেকেই ঝালিয়ে নিতে চায় বাংলাদেশ।
বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত, জাকের আলী অনিক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
পাকিস্তান শাহিনস স্কোয়াড
মোহাম্মদ হ্যারিস, আমির জামাল, আব্দুল সামাদ, আলী রাজা, আজান আওয়াস, মোহাম্মদ ওয়াসিম, মুবাসির খান, মোহাম্মদ মুসা, ওমর বিন ইউসুফ, শাহেবজাদা ফারহান, সুফিয়ান মুকিম ও উসামা মীর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

