কোপা দেল রে’র শিরোপা জিতলেও হাতছাড়া হয়েছে চ্যাম্পিয়নস লিগ। তাতে শেষ হয়ে গেছে বার্সেলোনার ট্রেবল জয়ের স্বপ্ন। তাই এখন শুধু ডাবল শিরোপা জয়ের সুযোগ রয়েছে। তবে এই পথটাও মোটেই সহজ হবে না। কারণ স্প্যানিশ লিগের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে জিততে হবে এল ক্লাসিকোতে। রিয়াল মাদ্রিদকে আজ রাতে হারাতে পারলেই লা লিগার শিরোপা থেকে হাত ছোঁয়া দূরত্বে চলে যাবে বার্সা।
একে তো মাঠের লড়াইয়ে প্রতিপক্ষ শক্তিশালী চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তার ওপর নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়ে মানসিকভাবে পিছিয়ে রয়েছে কাতালানরা। তাই ধ্রুপদী ম্যাচটি বেশ চ্যালেঞ্জিং হবে বার্সার জন্য। কিন্তু তারপরও আত্মবিশ্বাসী থাকতে চান কোচ হান্সি ফ্লিক, ‘মিলানে হারের পর সবাই জানি, (ক্লাসিকো) লড়াই সহজ হবে না। অমন একটি ম্যাচের পর এটা সহজ নয়। তবে আমরা ভালো করছি। এখনো চারটি ম্যাচ বাকি, আর ক্লাসিকো খুবই গুরুত্বপূর্ণ। আমরা যা করতে চাই, তা নিয়ে আমাদের আত্মবিশ্বাসী থাকতে হবে।’
রিয়ালের বিপক্ষে নিজেদের মাঠে আক্রমণাত্মক ফুটবলই খেলতে চান জার্মান ফুটবল গুরু ফ্লিক, ‘খেলোয়াড়দের ভাবনা নিয়ে ওদের সঙ্গে আমরা কথা বলেছি। সবাই জানে যে, ক্লাসিকোয় তাকে শতভাগ দিতে হবে। আগ্রাসী হতে হবে, দাপুটে থাকতে হবে। আমাদের সঙ্গে থাকবে ভক্তদের সমর্থন, আমরা খেলব ঘরের মাঠে।’
চলতি মৌসুমে এ নিয়ে চতুর্থ এল ক্লাসিকো খেলতে যাচ্ছে বার্সেলোনা ও রিয়াল। আগের তিনটিতেই জয়ের দেখা পেয়েছেন ফ্লিক। যার দুটিতে মাথার ওপর উঁচিয়ে ধরতে পেরেছেন শিরোপা। এ ম্যাচে জয় পেলে লা লিগার শিরোপা জয়ের খুব কাছে পৌঁছে যাবে বার্সেলোনা। তবে এ নিয়ে মাথা ঘামাতে চান না ফ্লিক। তার চোখ শুধু তিন পয়েন্ট কেড়ে নেওয়াতে, ‘এই ধরনের ম্যাচে মাদ্রিদও জিততে চাইবে, আমরাও জয়-ই চাইব। আমি শিরোপা নিয়ে উদ্বিগ্ন নই, আমরা জিততে চাই। আমরা এভাবেই ম্যাচটা খেলতে চাই, স্রেফ ম্যাচটাতে নজর দিতে চাই।’
নিজেদের মাঠে খেলার ফায়দা লুটে শেষ হাসি হাসতে চায় বার্সাই। এ নিয়ে ফ্লিক বলেন, ‘লড়াইয়ে আমরা মুদ্রার দুই পিঠই দেখতে পারি। যখন আমরা ওদের বিপক্ষে খেলি, ওরাও আমাদের ওপর চাপ তৈরি করে…কেউ জানে না, ঠিক কী ঘটবে। দুটি দারুণ দল খেলবে, আশা করি, আমরা ঘরের মাঠে খেলার সুবিধা নিতে পারব। আমরা তিন পয়েন্টের জন্য লড়াই করব, আশা করি, আমরা তিন পয়েন্ট পাব।’
ইনজুরি কাটিয়ে ফিটনেস ফিরে পেয়েছেন আলেহান্দ্রো বাল্দে। খেলার জন্য প্রস্তুত ডিফেন্ডার। আর গত ম্যাচ দিয়ে মাঠে ফিরলেও রবার্ট লেভানডোভস্কি এখনো শতভাগ প্রস্তুত নন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকে বদলি নামতে পারেন। সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফ্লিক, ‘আমার মনে হয় না, ওরা শুরুর একাদশে থাকবে। জেরার্দ (মার্তিন) এবং অন্য খেলোয়াড়রা খুব ভালো করছে। এই ম্যাচের পর আরো তিন ম্যাচ থাকবে। সম্ভবত ওরা দ্বিতীয়ার্ধে খেলার সুযোগ পাবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

