ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি না জেসুস

ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি না জেসুস

ব্রাজিল টিমে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেছে দরিভাল জুনিয়রের। আর্জেন্টিনার ঘরের মাঠে বিধ্বস্ত হওয়ার পর বিশ্লেষক থেকে ফুটবল অনুরাগী- সবার কণ্ঠেই একই কথা- সেলেসাও শিবিরে দরিভাল অধ্যায়ের শেষ। খোদ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনেও (সিবিএফ) এ নিয়ে চলছে চিন্তা-ভাবনা। শোনা যাচ্ছে, দরিভালের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। আর কোনো কারণে দরিভাল টিকে গেলে সেটা হবে অবাক করার বিষয়।


অবশ্য তেমনটা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ সিবিএফ দরিভালের বিকল্প ভেবে রেখেছে। কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে চাচ্ছে তারা। কিন্তু এ ইতালিয়ানকে দলে ভেড়ানোটা কঠিনই হবে তাদের জন্য। কেননা ২০২৬ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ আনচেলত্তি। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপে সান্টিয়াগো বার্নাব্যু শিবিরের ডাগআউটে থাকাটাই এখন সবচেয়ে বড় মিশন তার সামনে। শুধু এ কারণেই নয়, বাধা হয়ে দাঁড়াতে পারে আনচেলত্তির সিদ্ধান্তও। কিছুদিন আগেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানাতে গিয়ে রিয়াল কোচ সাফ জানিয়ে রেখেছেন, রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো পরিকল্পনাই নেই তার। তবে লস ব্লাঙ্কোসরা লা লিগা বা চ্যাম্পিয়নস ট্রফি ছাড়া মৌসুম শেষ করলে আনচেলত্তির সামনে পথ খুলে যাবে। সেক্ষেত্রে তিনি ব্রাজিল কোচ হলে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না।

বিজ্ঞাপন


রিয়ালের আনচেলত্তিকে নাও পেতে পারে সিবিএফ। সেজন্য বিকল্প পরিকল্পনা ভেবেই রেখেছে ব্রাজিল। হোর্হে জেসুসকে নিয়ে ‘প্ল্যান বি’ সাজিয়েছে তারা। জেসুস নিয়ে আগ্রহের কারণ ব্রাজিলের ফুটবল সংস্কৃতি সম্পর্কে বেশ জানা শোনা রয়েছে তার। তার চেয়ে বড় কথা, সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে পর্তুগিজ কোচ জেসুসের চুক্তির মেয়াদ চুকে যাবে চলতি মৌসুমেই। চুক্তি মেয়াদ শেষে ব্রাজিলের দায়িত্ব কাঁধে নিতে অসুবিধা হবে না তার জন্য। শুধু তাই নয়, জেসুসের সামনে সুযোগ রয়েছে ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই সৌদি আরব ছেড়ে ব্রাজিলে পাড়ি জমানোর। কিন্তু আল হিলালে খেলার সময় নেইমার জুনিয়রের সঙ্গে মনোমালিন্য হয়েছিল কোচ জেসুসের সঙ্গে। এ বিষয়টা তার ব্রাজিল কোচ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। গত ফেব্রুয়ারিতেই জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে নেইমার বলেছিলেন, ‘হোর্হে জেসুসের ওপর আমি হতাশ ছিলাম, যখন তিনি বলেছিলেন দলের বাকিদের মতো আমি একই অবস্থায় নেই।’

হাতে সময় বেশিই নেই। মাত্র এক বছর। এই সময়ের মধ্যেই ব্রাজিল দলকে বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে হবে। আর এ কঠিন চ্যালেঞ্জের জন্য আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচকেই দরকার সেলেসাওদের। অনেকে বলছেন, ক্লাব বিশ্বকাপ শেষে রিয়ালের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন আনচেলত্তি। এমনটা করবেন ব্রাজিল থেকে প্রস্তাব না পেলেও। তেমনটা হলে ক্লাব বিশ্বকাপের পর্দা নামার পর আনচেলত্তিকে কোচ হিসেবে পেয়ে যেতেও পারে ব্রাজিল।

তাছাড়া আলোচনায় রয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ও ফ্ল্যামেঙ্গো কোচ ফিলিপ লুইসও। শোনা যাচ্ছে আবেল পেরেইরা, রেনাতো গাইচো ও পেপ গার্দিওলার নামও। শেষ পর্যন্ত কে হবেন ব্রাজিল কোচ? সেটাই এখন দেখার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন