আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানকেও আটকে দিল বাংলাদেশের তরুণরা

মালদ্বীপের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হার এড়িয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর গোলশূন্য ড্র করেছে মারুফুল হকের শিষ্যরা।

বৃহস্পতিবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র‌্যাংকিং ও অভিজ্ঞতায় এগিয়ে থাকা আফগানিস্তানের বিপক্ষে দারুণ দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দল।

এই টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপ, পাকিস্তান ও আফগানিস্তান তাদের সিনিয়র দল নিয়ে অংশ নিলেও বাংলাদেশ পাঠিয়েছে অনূর্ধ্ব-২৩ দল। কারণ জাতীয় দলের মূল স্কোয়াড বর্তমানে সান মারিনো সফরে ব্যস্ত। তরুণ এই দলের অনেক ফুটবলারেরই আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা নেই। তবুও টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট তুলে নিয়ে সম্ভাবনা জিইয়ে রেখেছে তারা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আফগানিস্তান। প্রথমার্ধে একবার বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেই গোল বাতিল করেন রেফারি। এছাড়া আরও কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিল আফগানরা। তবে বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ ছিলেন দুর্দান্ত। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে রক্ষা করেন তিনি।

অন্যদিকে বাংলাদেশও দুই অর্ধে পাল্টা আক্রমণের চেষ্টা চালায়। কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেও গোলের খাতা খুলতে পারেনি বাংলাদেশ। তবে দুটি ড্র থেকে পাওয়া দুই পয়েন্ট তাদের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

আগামী ৭ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে জয় পেলে ফাইনালে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হবে মারুফুল হকের দলের।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...