খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে ‘গ্রেনেড বাবু’র দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোনাডাঙ্গা থানার শেখপাড়া লোহাপট্টি মোড় এলাকার আহমেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. লিটন মীর ওরফে কসাই লিটন (৪০) এবং পৈপাড়া বিসমিল্লাহ মহল্লার বাসিন্দা মো. রিফাত হোসেন (২৩)।
পুলিশ জানায়, খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা খুলনার শীর্ষ সন্ত্রাসী রনি চৌধুরী ওরফে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি চলছিল। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল গোয়েন্দা পুলিশ।
পুলিশ আরও জানায়, লিটন মীর ওরফে কসাই লিটনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া রিফাত হোসেনের বিরুদ্ধেও সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী হিসেবে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
ডিবি পুলিশের এ অভিযানে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতা অব্যাহত রাখার দাবি জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

