সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে লিড নিয়েছে জিম্বাবুয়ে। টস জিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে প্রথম দিন শেষে বিনা উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৬৭ রান।
যদিও দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। এদিন স্কোরবোর্ডে মাত্র ২ রান যোগ হতেই বেন কারানের উইকেট হারায় তারা। ১৮ রান করেন তিনি। কারানের বিদায়ের পর ফিফটি তুলে নেন বেনেট। এরপর নিজের ইনিংসকে বেশিদূর টেনে নিতে পারেননি। ব্যক্তিগত ৫৭ রানে রানার বলে উইকেটের পেছনে জাকের আলির হাতে ক্যাচ দেন এই ওপেনার।
পরের ওভারে ২ রান করা নিক ওয়েলচকে হারায় জিম্বাবুয়ে। ধাক্কা সামাল দিতে পারেননি ক্রেইগ আরভিন। দলীয় ১২৯ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আউট হন অধিনায়ক। তার ব্যাট থেকে আসে মাত্র ৮ রান। এরপর ওয়েসলে মাধেভেরেকে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন শন উইলিয়ামস। ব্যক্তিগত ২৪ রানে মাধেভেরে খালেদ আহমেদের বলে বোল্ড হলে এই জুটি ভাঙে। এরপর ক্রিজে আসেন নায়াশা মায়োভো। তাকে নিয়ে বাংলাদেশের করা ১৯১ রান ছাড়িয়ে যান উইলিয়ামস। দলকে লিড এনে দিয়ে ফেরেন তিনি। তার আগে খেলেন ৫৯ রানের ইনিংস। দলীয় ১৯৩ রানে ষষ্ঠ উইকেট হারায় জিম্বাবুয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

