ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে শেষ মুহূর্তে গোলে হৃদয় ভেঙেছে বাংলাদেশের। এর রেশ না কাটতেই ১৪ অক্টোবর ফিরতি ম্যাচে আবার মুখোমুখি হবে দুদল। এ ম্যাচের আগে আরো একবার কোচ কাবরেরা বুঝিয়ে দিলেন, ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে তার শুরুর একাদশ সঠিক ছিল! শমিত সোম, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ ও তপু বর্মণকে বেঞ্চে রেখে প্রথম একাদশ গঠন করেন কোচ কাবরেরা। তবে দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানোর পর খেলার গতিপথ পাল্টে যাওয়ায় কোচের একাদশ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। তবে নিজের পক্ষেই সাফাই গাইলেন কাবরেরা। গতকাল হংকং থেকে বাফুফের পাঠানো অডিওবার্তায় এই স্প্যানিশ কোচ বললেন, চার বছরের মধ্যে তার অধীনে গত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ সেরা ফুটবল খেলেছে!
গত ম্যাচে ১৩ মিনিটে হামজার গোলের পর অগোছাল ছিল বাংলাদেশ। বিশেষ করে রক্ষণভাগ ছিল নড়বড়ে। কাবরেরা বলেন, ‘আমি ম্যাচের পরই বলেছিলাম, আমি এখানে (বাংলাদেশ দলের কোচ হিসেবে) চার বছর ধরে আছি। ম্যাচের প্রথমার্ধে আমরা সম্ভাব্য সেরা ফুটবল খেলেছি। তাই লাইনআপ দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। প্রথমার্ধের শেষ মিনিটে আমরা ভুল করেছি। লাইনআপ নিয়ে আমি শুধু এটাই বলব। তা ছাড়া প্রথমার্ধে দারুণ করেছে দল।’ কাবরেরার মতে, দ্বিতীয়ার্ধের প্রথমার্ধে মানিয়ে নিতে পারছিলেন খেলোয়াড়রা। যে কারণে একাদশে পরিবর্তন আনতে হয়েছে।
বাংলাদেশ কোচ বলেন, ‘শেষ ৩০ মিনিট ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে খেলার শেষ দিকে আবার আরেকটি ভুল করেছি আমরা। যেটির মূল্য দিতে হয়েছে।’
অন্যদিকে, গত ম্যাচের হারটিকে অপ্রত্যাশিত বলছেন বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মণ। তিনি জানান, হতাশা ভুলে সামনের দিকেই ফোকাস দিচ্ছেন তারা। তপু বলেন, ‘আপনি আবার যদি ম্যাচ জেতেন সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এসব জিনিস আমাদের মাথায় আছে (ভুলগুলো)। আমরা ওভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা একটা ভালো ফল করতে চাই।’ তপু জানান, ইনজুরি কাটিয়ে খেলার জন্য পুরোপুরি ফিট আছেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

