এশিয়া মহাদেশীয় ক্লাব ফুটবলের তৃতীয় স্তরের প্রতিযোগিতা এএফসি চ্যালেঞ্জ লিগে আজ বাংলাদেশের দুটি ক্লাবের ম্যাচ রয়েছে। প্রিমিয়ার লিগে গত মৌসুমের রানার্সআপ আবাহনী খেলবে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টায় শুরু হবে দুদলের ম্যাচটি। একই দিন কাতারের দোহার সুহেইম বিন হামাদ স্টেডিয়ামে আল-কামারাহ ও বসুন্ধরা কিংস মুখোমুখি হবে। এ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ১১টায়।
এএফসি চ্যালেঞ্জ লিগে আগে পাঁচবার খেলেছে আবাহনী। এবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়া চ্যালেঞ্জ লিগে খেলার কথা ছিল মোহামেডানের। কিন্তু তাদের ক্লাব লাইসেন্স না থাকায় টুর্নামেন্টে প্রিমিয়ার লিগের রানার্সআপ দল হিসেবে খেলার সুযোগ পেয়ে যায় আবাহনী। আজ ঘরের মাঠে কিরগিজস্তানের বিপক্ষে জয়েই চোখ তাদের। গত মৌসুমে মোহামেডানকে শিরোপা জেতানো মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকে দলে নিয়েছে আবাহনী।
প্রথমবার এএফসি টুর্নামেন্টে খেলবেন এই বিদেশি ফুটবলার। দিয়াবাতে বলেছেন, ‘আমরা জেতার জন্যই খেলব।’ অন্যদিকে আবাহনীর কোচ মারুফুল হক ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, প্রায় এক মাসের অনুশীলনে তার দল আত্মবিশ্বাসী। প্রতিপক্ষ হিসেবে মুরাস ইউনাইটেড শক্তিশালী হলেও নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো কিছুই হবে।
মারুফুল মনে করেন, আগের চেয়ে শক্তিশালী হয়েছে আবাহনী। তাদের দলে সুলেমান দিয়াবাতে, মোরসালিন, কাজেম শাহ যোগ দেওয়ায় শক্তি বেড়েছে। তিনি জানান, দিয়াবাতে-আল আমিনকে মাঠে রাখার চেষ্টা করবেন। চ্যালেঞ্জ লিগে নতুন দল মুরাস। প্রতিপক্ষ প্রসঙ্গে মারুফুল বলেন, ‘নতুন দল হলেও মুরাস যেভাবে তাদের দেশের ফুটবলে এসেছে, সেটি ইউরোপিয়ান ক্লাবগুলোর মতো; তাদের ফ্যাসিলিটি অনেক। তাদের খেলায় ইউরোপিয়ান ধাঁচ আছে। এগুলো মোকাবিলা করতে হবে।’
অন্যদিকে, মুরাস ইউনাইটেডও ভালো খেলার লক্ষ্যে বাংলাদেশে এসেছে। গতকাল সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন মুরাসের ইউক্রেনের কোচ পুসকভ সার্গেই। দোভাষির মাধ্যমে তিনি বলেন, ‘আমরা আমাদের সেরাটা দেব জেতার জন্য। যে দুটো দলের কথা বললেন, তারা আমাদের দেশের খুব অভিজ্ঞ ক্লাব । আমরা নতুন দল; তবে ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করব।’ মুরাস দলে ৭ ইউক্রেনের খেলোয়াড় রয়েছেন। তাছাড়া আরো দুজন বিদেশি আছেন। জাতীয় দলের ৪ ফুটবলারও রয়েছেন মুরাস দলে। শক্তির দিক থেকে অনেক এগিয়ে তারা। মুরাসের অধিনায়ক আমির বলেছেন, ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন তারা। সেরাটা নিংড়ে দিয়ে জয়ের লক্ষ্য মুরাসের।
এদিকে, বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার আগে বসুন্ধরা কিংসের জার্সি গায়ে চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন কিউবা মিচেল। এই ইংল্যান্ড প্রবাসীকে ঘিরেই সিরিয়ান ক্লাব কামারাহর বিপক্ষে ভালো কিছু করে দেখানোর আশায় কিংস। চ্যালেঞ্জ লিগের ম্যাচের আগে কোচ থেকে শুরু করে দলেও পরিবর্তন এনেছে ক্লাবটি। তাই আজকের ম্যাচে বাড়তি চ্যালেঞ্জ থাকতে তাদের। দোহা যাওয়ার আগে কিংসের পক্ষ থেকে বলা হয়েছে, কামারাহর বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না তারা। আগেও এএফসির টুর্নামেন্টে খেলেছে দলটি। কিন্তু অভিজ্ঞতা মোটেও ভালো নয়। তবে এবার ভালো কিছুর আশায় কিংস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

