সামনে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। আইসিসির ফ্লাগশিপ এ টুর্নামেন্টটি মাঠে গড়াবে ২০২৬ সালে। আয়োজক জিম্বাবুয়ে ও নামিবিয়া। বৈশ্বিক এ আসরে চোখ রেখে এখন থেকেই নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশের যুবারা। এ লক্ষ্যে ত্রিদেশীয় সিরিজ খেলবে দেশের ছেলেরা। স্বাগতিক জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
তিন জাতির এ টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী ২৫ জুলাই। ৫০ ওভারের টুর্নামেন্টটি হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ম্যাচ হবে সব মিলিয়ে ৯টি। প্রতিটি দল একে অন্যের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার সেরা দুদল শিরোপার জন্য লড়বে ফাইনালে।
জিম্বাবুয়ের সানরাইজ স্পোর্টস ক্লাব মাঠে পর্দা উঠবে এ টুর্নামেন্টের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ে মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের যুবারা মাঠে নামবে আসরের দ্বিতীয় দিন- ২৬ জুলাই। একই মাঠে জুনিয়র টাইগাররা খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
লাল-সবুজের প্রতিনিধিরা দ্বিতীয় ম্যাচ খেলবে ২৮ জুলাই- প্রতিপক্ষ জিম্বাবুয়ে। দুদলের এ ম্যাচটি হবে হারারে স্পোর্টস ক্লাবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১টায়। ফাইনাল দিয়ে ১৬ দিনের এ আসর শেষ হবে ১০ আগস্ট।
বাংলাদেশের সূচি
২৬ জুলাই দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সানরাইজ স্পোর্টস ক্লাব
২৮ জুলাই জিম্বাবুয়ে-বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৩১ জুলাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা হারারে স্পোর্টস ক্লাব
১ আগস্ট জিম্বাবুয়ে-বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
৮ আগস্ট জিম্বাবুয়ে-বাংলাদেশ হারারে স্পোর্টস ক্লাব
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

