অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই

বাংলাদেশ-জর্ডান মুখোমুখি আজ

বাংলাদেশ-জর্ডান মুখোমুখি আজ

আজ এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাই পর্বের মিশন শুরু হচ্ছে বাংলাদেশের। ‘এইচ’ গ্রুপে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক জর্ডান। আকাবা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে দুদলের ম্যাচটি। এই বাছাই পর্বের আগে দুবাইয়ে দুটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম প্রীতি ম্যাচে সিরিয়াকে ২-০ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে মেয়েরা। এই দুই জয়ের আত্মবিশ্বাস নিয়েই জর্ডানের মাঠে বাছাই পর্বের মিশন শুরু হবে তাদের।

বাছাই পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক জর্ডান এমনিতেই শক্তিশালী। গ্রুপের অপর প্রতিপক্ষ চাইনিজ তাইপেও শক্তিশালী। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন পূরণ করতে হলে ভালো ফুটবল খেলতে হবে অর্পিতা বিশ্বাসদের। চূড়ান্ত পর্বেই চোখ তাদের। জর্ডান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নারী দলের কোচ সাইফুল বারী বলেন, ‘বাংলাদেশ সিনিয়র নারী দল ও অনূর্ধ্ব-২০ নারী দল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমরাও সেই প্রত্যাশা করছি।’ তিনি আরো বলেন, ‘যদিও বাছাই পর্বে আমাদের প্রতিপক্ষ খুবই শক্তিশালী। কঠিন একটি গ্রুপই বলা যায়। প্রথমবারের মতো আমরা জর্ডানের বিপক্ষে খেলব। চাইনিজ তাইপেও শক্তিশালী দল। তবে আমার বিশ্বাস মেয়েরা ভাল খেলা প্রদর্শন করবে। ভাল খেলে নিজেদের সেরাটা দিয়েই তারা স্বপ্ন পূরন করবে। আগামীতে সিনিয়র দলে জায়গা পেতেই এটাই তাদের একমাত্র পথ। আমিও তাকিয়ে আছি কালকের (আজ) ম্যাচের দিকে। আমরা চেষ্টা করব সেরাটা দিতে।’

বিজ্ঞাপন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন