বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রায় ১১ ঘণ্টার দীর্ঘ বিমানযাত্রা এবং সাড়ে পাঁচ হাজার মাইলের বেশি পথ পাড়ি দিয়ে রোববার মিসৌরিতে অবতরণ করে লিওনেল মেসিদের বহর।
বিশ্বকাপ অভিযানের শুরুটাকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছিল আর্জেন্টিনার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ারোলাইনিয়াস আর্জেন্টিনাস। ১৯৭৮ সালে দেশের মাটিতে জেতা প্রথম বিশ্বকাপের স্মরণে চার্টার ফ্লাইটটির নম্বর রাখা হয়েছিল ‘১৯৭৮’। সেই আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল আলবিসেলেস্তেরা।
শুধু ফ্লাইট নম্বরই নয়, আর্জেন্টিনা দলের বহনকারী এয়ারবাস এ৩৩০ বিমানটিও সাজানো হয়েছিল বিশ্বকাপের আবহে। নীল-সাদা ডোরাকাটা নকশার সঙ্গে বিমানের লেজে ছিল লিওনেল মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির প্রতীক। পাশাপাশি তিনটি সোনালি তারকা শোভা পাচ্ছিল, যা আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ শিরোপার স্মারক।
বিশ্বকাপ চলাকালে কানসাস সিটিকে নিজেদের ঘাঁটি হিসেবে বেছে নিয়েছে আর্জেন্টিনা। একই শহরে অবস্থান করবে নেদারল্যান্ডস, ইংল্যান্ড ও আলজেরিয়াও। তবে সবার আগে পৌঁছে প্রস্তুতি শুরু করার সুযোগ পেয়েছে লিওনেল স্কালোনির দল।
চার্টার বিমানে আর্জেন্টিনা স্কোয়াডের অধিকাংশ সদস্য এলেও কয়েকজন ফুটবলার এখনও ক্লাব ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন। বিমান থেকে নামার পর খেলোয়াড় ও কোচিং স্টাফরা সরাসরি চার্টার বাসে করে হোটেলের উদ্দেশে রওনা হন।
কানসাস সিটির অরিজিন হোটেলে থাকবে আর্জেন্টিনা দল। আগমনের দিনই জিমে হালকা অনুশীলন করেন ফুটবলাররা। বাকি সদস্যরা যোগ দিলে সোমবার থেকে পূর্ণমাত্রার প্রস্তুতি শুরু হবে। এমএলএস ক্লাব স্পোর্টিং কানসাস সিটির প্রশিক্ষণ কেন্দ্র কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে চলবে তাদের অনুশীলন।
বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী শনিবার টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে তারা। এরপর তিন দিন পর আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে বাংলাদেশ সময় ১৭ জুন সকাল ৭টায় আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২২ জুন রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৮ জুন সকাল ৮টায় জর্ডানের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

