বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি শুরু হচ্ছে রোববার (২০ জুলাই)। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় মাঠে গড়াবে প্রথম ম্যাচ। আসন্ন সিরিজে যেসব দর্শক মাঠে বসে খেলা দেখবেন তাদের জন্য বেশকিছু শর্ত জুড়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে দর্শকদের বেশকিছু জিনিস বহন করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সংস্থাটি।
দর্শকরা যেসব জিনিসপত্র নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে না তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র, লেজার পয়েন্টার, ম্যাচ বা লাইটার, সিগারেট, ভিডিও ক্যামেরা, ফ্লেয়ার, আতশবাজি, পেশাদার স্টিল ক্যামেরা, লাঠিসহ পতাকা, ভুভুজেলা, আয়না, ছুরি, ক্যান, ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল, কাচের বোতল ও বাঁশি। এছাড়া তালিকাভূক্ত হয়নি এমন কিছু যা নিরাপত্তাকর্মীরা ক্রিকেটারদের জন্য বিপজ্জনক মনে করেন সেসব জিনিস নিয়েও দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
স্টেডিয়ামের যেকোনো ফুড কর্নার থেকে খাবার কিনে খেতে বাড়তি টাকা গুনতে হয়। এই বিষয়টি মাথায় রেখে দর্শকদের জন্য প্রথমবারের মতো একটি সুবিধা করে দিয়েছে বিসিবি। আসন্ন সিরিজে বাইরে থেকে খাবার এবং পানীয় কিনে প্রবেশ করা যাবে। সেটা অবশ্যই নিরাপত্তা কর্মীদের তল্লাশি ও অনুমতি সাপেক্ষে।
এছাড়া বাংলাদেশ পাকিস্তান সিরিজে স্টেডিয়ামে বাইরে বা ভেতরে অনুমতি নেই এমন যেকোনো ধরনের ব্র্যান্ডিং নিষিদ্ধ থাকছে। ক্রিকেটে দুর্নীতিমূলক সব ধরনের কার্যকলাপ প্রতিরোধ করতে বিসিবি যেকোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে। স্টেডিয়াম প্রাঙ্গণে যেকোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। স্টেডিয়ামে কোনো জায়গাতেই ধূমপান করতে পারবেন না দর্শকরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

