নিউজিল্যান্ড সফরে সালমানদের বেহালদশা

পাকিস্তানের দল বাছাই নিয়েই প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

পাকিস্তানের দল বাছাই নিয়েই প্রশ্ন তুললেন শহীদ আফ্রিদি

নিউজিল্যান্ড সফরে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। টানা দুই টি-টোয়েন্টিতে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গেছে দলটি। ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টিতে স্রেফ ৯১ রানে বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ১৫ ওভারে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি তারা।

নিজের দেশের ক্রিকেটারদের পারফরম্যান্সে যারপরনােই হতাশ শহীদ আফ্রিদি। দল ব্যর্থতার গল্প লিখে যাওয়ায় সাবেক এ তারকা অলরাউন্ডার কাঠগড়ায় তুলেছেন নির্বাচকদের। পাকিস্তানের সাবেক এ অধিনায়কের অভিযোগ, কন্ডিশন অনুযায়ী দল বেছে নিতে পারেননি নির্বাচকরা।

দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য সমালোচনামুখর হয়েছেন শহীদ আফ্রিদি। টি-টোয়েন্টি সিরিজের দল নির্বাচনে নির্বাচকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘শুধু ১০-১১ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকা প্রথম শ্রেণির ক্রিকেটারদের পাঠিয়েছে তারা সফরে। যেখানে স্পিনারদের রাখা দরকার ছিল, কিন্তু তারা বেছে নিয়েছেন পেসার।’

পাকিস্তানের ব্যাটারদের অফ-স্পিন মোকাবিলা করার টিপস দিচ্ছেন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ। এটা মেনে নিতে পারছেন না আফ্রিদি। এ নিয়ে তার ভাষ্য, ‘পাকিস্তান দলের এই পর্যায়ে এটা শেখানো উচিত নয়।’

পেসার মোহাম্মদ হাসনাইন ও উইকেটরক্ষক ব্যাটার উসমান খানকে না খেলানোর সিদ্ধান্তটা মানতে পারছেন না আফ্রিদি। পাকিস্তানের ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা করে বলেন, ‘সবাই আফ্রিদির মতো খেলার চেষ্টা করছে। কেউ প্রতি ম্যাচে ২০০ রান করতে পারে না।’

বিজ্ঞাপন

দলে নেই সিনিয়র ক্রিকেটার বাবর আজম আর নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। দলের দুই তারকা ক্রিকেটারকে বাইরে রেখে নিউজিল্যান্ড সফর করছে পাকিস্তান। কিন্তু সাফল্যের মুখ দেখছে না পাকিস্তান।

বাবর ও রিজওয়ান দলের বাইরে রয়েছেন। এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই মানছেন আফ্রিদি। এ নিয়ে তার মত, চাপ কমানোর জন্য হলেও বিশ্রাম প্রয়োজন ক্রিকেটারদের, ‘ক্রিকেটারদের বিরতি দেওয়া প্রয়োজন, হোক সে বাবর আজম কিংবা অন্য কেউ।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন