বৈভব সূর্যবংশীকে নতুন করে চেনানোর কিছু নেই। ইতোমধ্যে আইপিএলে ব্যাটিং কারিশমা দেখিয়ে পরিচিতি পেয়ে গেছেন এই যুবা। এবার ইংল্যান্ড সফরেও দেখালেন ব্যাটিং ঝলক। ২০ বলে ঝড়ো ফিফটির পর ৯ ছক্কা ও ৬ চারে ৮৬ রানের ইনিংস খেলার পথে নাম লেখালেন রেকর্ডে।
নর্দাম্পটনের কাউন্ডি গ্রাউন্ডে ইংল্যান্ড যুবাদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে ৮৬ রানের ইনিংস উপহার দিয়েছেন সূর্যবংশী; স্ট্রাইক রেট ২৭৭.৪১! এর আগের দুই ওয়ানডেতে খেলেছেন ৪৮ ও ৪৫ রানের ইনিংস। আর আজ ফিফটি ছুঁয়ে গড়েছেন রেকর্ড।
যুব ওয়ানডেতে ভারতের হয়ে এক ম্যাচে এখন সবচেয়ে বেশি ছক্কার কীর্তিটা সূর্যবংশী। ১৪ বছর বয়সী এই ব্যাটসম্যান ভেঙেছেন মনদীপ সিং ও রাজ বাওয়ার রেকর্ড। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মনদীপ ও ২০২২ সালে উগান্ডার বিপক্ষে রাজ ৮টি ছক্কা মেরেছিলেন।
সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ৪ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। হোভে গত শুক্রবার প্রথম ম্যাচে ভারত ৬ উইকেটে জেতার পর সোমবার নর্দাম্পটনে ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতা আনে ইংল্যান্ড।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

