ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জয়ের জন্য লক্ষ্যটা খুব বেশি বড় ছিল না। আফগানিস্তানকে ২৩১ রানে আটকে রেখে সম্ভাবনাও তৈরি করেছিল বাংলাদেশের যুবারা। কিন্তু সেই সম্ভাবনা জয়ে রূপ দিতে পারেনি তারা। শুরু থেকেই উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত ১১৮ রানে গুটিয়ে গিয়ে আফগানিস্তানের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হার দিয়ে যুব এশিয়া কাপ শুরু করেছে দলটি।

বিজ্ঞাপন

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান আব্দুল্লাহ আল মুহী। ৫ বলে ৬ রান করে বিদায় নেন তিনি। তিনে নামা আল আমিন হোসেন রনিও টিকতে পারেননি, ৮ বলে করেছেন ৬ রান। এরপর একে একে সাজঘরে ফেরেন আহসান আল মুমিন, ফয়সাল হাসান ফরিদ ও আল রাফি। তাতে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

৪১ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়ার চেষ্টা করেন শেখ জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। দুজনের ৬৯ বলে ৫৫ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে দলকে বড় বিপদ থেকে উদ্ধার করতে পারেননি তাঁরা। ৬ চারে ৫৮ বলে ৪১ রান করে থামেন জারিফ। শেষ দিকে রুবাই ইসলাম রিজন করেন ২১ রান। কিন্তু তাতে হার এড়ানোর মতো পুঁজি পায়নি বাংলাদেশ। ১১৮ রানেই শেষ হয় ইনিংস।

আফগানিস্তানের হয়ে নূর, হামজা ও সামি মুবারেজ নিয়েছেন ৩টি করে উইকেট।

এর আগে বাংলাদেশের বোলারদের সামনে আফগানিস্তানের ইনিংসও খুব একটা নির্বিঘ্ন ছিল না। শেষ পর্যন্ত ২৩১ রানেই অলআউট হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন ফয়সাল রাহিমি। তাঁকে সঙ্গ দিয়ে তাহের সারওয়ারি করেন ৩৭ রান। এ ছাড়া সোহাইলের ব্যাট থেকে আসে ১৭ এবং হামজার ১৫ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাফিউল আলম তামিম। তিনি নিয়েছেন ৪ উইকেট। অনিকের শিকার ২ উইকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন