বাফুফের পর্যবেক্ষণে থাকছেন প্রবাসীরা

বাফুফের পর্যবেক্ষণে থাকছেন প্রবাসীরা

বাফুফের তিন দিনব্যাপী ট্রায়ালে ১৪টি দেশের মোট ৪৯ জন প্রবাসী ফুটবলার অংশ নেন। প্রথমবারের মতো প্রবাসী খেলোয়াড়দের নিয়ে এমন বড় আয়োজনের পর গতকাল সংবাদ সম্মেলনে ট্রায়ালের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন পারফরম্যান্স ইভ্যালুয়েশন প্যানেলে থাকা সদস্যরা। এই প্যানেলের নেতৃত্ব দেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। তিনি জানান, প্রবাসী ফুটবলারদের পারফরম্যান্স খুব কাছ থেকে দেখেছেন তারা। ফুটবলারদের সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলেছেন।

বিজ্ঞাপন

শক্তির জায়গা আর দুর্বলতার জায়গাগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কাউকেই জাতীয় দলে জায়গা পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করেননি। জাতীয় বয়সভিত্তিক দুটি দলের জন্য (অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩) তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনের সময় প্রবাসীদের দলে ডাকা হবে। তাদের আসল পরীক্ষা হবে জাতীয় দলের ক্যাম্পে।

টিটু বলেন, ‘আমরা ট্রায়ালে আসা প্রত্যেক ফুটবলারকে নিবিড়ভাবে বিশ্লেষণ করব। আমরা দেখেছি, আবার ভিডিও করা হয়েছে। সেগুলোও পর্যবেক্ষণ করা হবে। আমাদের সামনে এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট রয়েছে। এখানে ট্রায়ালে আসা অনেকেরই বয়সসীমা নেই। এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রস্তুতি জুলাই মাসের শেষ দিকে শুরু হবে। সেখানে হয়তো ফুটবলারদের দেখা যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘এটা একটা লম্বা প্রক্রিয়া। যাদের বয়স মাত্র ১৮ থেকে ১৯, তাদের উন্নতির অনেক সুযোগ রয়েছে। আমরা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখব। সামনে আমাদের বয়সভিত্তিক ক্যাম্পে কোচরা এই ট্রায়ালের তথ্য বিবেচনা করে প্রয়োজনীয় খেলোয়াড়দের দেখবেন।’ ট্রায়ালে অংশ নেওয়া ৪৯ জনের মধ্যে ২৫ জনের বয়স উনিশের বেশি। এদের মধ্যে কয়েকজন ফুটবলার যুব এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বের ম্যাচের জন্য ডাক পেতে পারেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন