ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচেই জয়ের ধারায় ফিরলো আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৩৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে দুইয়ে ফিরলো রশিদ খানের দল।
টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় আরব আমিরাত। ব্যাটিংয়ে নেমে শুরুতে রহমানুল্লাহ গুরবাজ ৭ রানে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভীত এনে দেন সেদিকুল্লাহ অটল (৫৪) ও ইব্রাহিম জাদরান (৬৩)।
এরপর শেষ দিকে দুটি কার্যকরী ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই ও করিম জানাত। ওমরজাই ১২ বলে ২ ছয়ে খেলেন অপরাজিত ২০ রানের ইনিংস আর ১০ বলে ২টি করে চার-ছয়ের মারে অপরাজিত ২৩ রান করেন করিম জানাত। তাতেই ১৮৮ রানের পুঁজি পায় আফগানিস্তান।
জবাব দিতে নেমে আমিরাতের অধিনায়ক ওয়াসিম একপ্রান্তে ঝড়ো ইনিংস খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি কোনো ব্যাটার। ৩৭ বলে ৪ চার ও ৬ ছয়ে ৬৭ রান করেন ওয়াসিম। চারে নামা রাহুল চোপড়া ৩৫ বলে ৫২ রানে অপরাজিত থাকলেও বাকিদের ব্যর্থতায় আর জেতা হয়নি আমিরাতের।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৮৮/৪ (ইব্রাহিম ৬৩, অটল ৫৪, করিম জানাত ২৩: রোহিদ ২/৩৪, সগীর ২/৫২)
সংযুক্ত আরব আমিরাত : ২০ ওভারে ১৫০/৮ (ওয়াসিম ৬৭, রাহুল ৫২, ইথান ১২; রশিদ ৩/২১, শরাফউদ্দিন ৩/২৪)
ফল: আফগানিস্তান ৩৮ রানে জয়ী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

