এএফসি ও সাফ চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট সামনে রেখে গতকাল থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ট্রায়াল। এই ট্রায়াল কার্যক্রম চলবে ১১ জুলাই পর্যন্ত। প্রথম দিন ট্রায়ালে ৪৫ ফুটবলারকে ডাকা হয়েছিল। কিন্তু ৩৮ ফুটবলার ট্রায়ালে অংশ নেন। সম্প্রতি বংশোদ্ভূত বিভিন্ন বয়সি ফুটবলারের ট্রায়াল হয়েছিল জাতীয় স্টেডিয়ামে। তবে অনূর্ধ্ব-১৭ দলের ট্রায়ালে শুধু দেশের খেলোয়াড়রাই অংশ নিচ্ছেন। মোট ৯০ জনের মতো খেলোয়াড় এই ট্রায়ালে অংশ নেওয়ার কথা রয়েছে।
তারুণ্যের উৎসবে দেশব্যাপী অনূর্ধ্ব-১৫ পর্যায়ের যে ট্যালেন্ট হান্ট করা করেছিল বাফুফে, সেখান থেকে ৬০ ফুটবলার চলমান ট্রায়ালে অংশ নিচ্ছেন। এছাড়া বাফুফের একাডেমি কাপ থেকে উঠে আসা ২২ এবং জাতীয় গোল্ডকাপ থেকে উঠে আসা ১৬ ফুটবলার ট্রায়ালে আছেন। বাফুফের বয়সভিত্তিক এই ট্রায়ালের নেতৃত্ব দিচ্ছেন এলিট একাডেমির কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি আমার দেশকে জানান, এই ট্রায়াল থেকে খেলোয়াড় সংখ্যা কমিয়ে আনা হবে। অনূর্ধ্ব-১৭ দলের জন্য মূল ক্যাম্প হবে ৪০-৪৫ জনের। সেখানে বর্তমানে অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়রাও থাকবেন।
প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের পর বলা হয়েছিল, প্রয়োজনে বয়সভিত্তিক দলে বংশোদ্ভূত খেলোয়াড়দের ডাকা হবে। ছোটন জানান, ‘এখন আমরা শুধু দেশের ফুটবলারদের ট্রায়াল নিচ্ছি। প্রয়োজন হলে বিদেশিরা আসবে যখন আমরা মূল ক্যাম্প করব। আজকের (গতকাল) ট্রায়ালের প্রথম দিন ছিল। মাত্রই শুরু হলো। দু-একদিন যাক, তখন খেলোয়াড়দের ব্যাপারে বলা যাবে।’ বাফুফের এই ট্রায়াল থেকে ভবিষ্যতের ফুটবলাররা উঠে আসবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

