সেমিফাইনালে ভারত

টানা হারে বিদায়ের শঙ্কায় পাকিস্তান

টানা হারে বিদায়ের শঙ্কায় পাকিস্তান

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে হারল পাকিস্তান। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়ে গেল মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে তাদের হারিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করল ভারত।

ভারতের সামনে চ্যালেঞ্জিং পুঁজিই দাঁড় করাতে পারেনি পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় আয়োজকরা। মূলত পাকিস্তানের ইনিংসের পরই জয়ের আভাস পায় ভারত। এরপর ব্যাটিংয়ে নেমে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে ৪৫ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ম্যান ইন ব্লুরা।

বিজ্ঞাপন

ভারতের হয়ে সর্বোচ্চ ১০০ রানের ইনিংস খেলেন কোহলি। চার মেরে শতকের ঘরে পা রাখার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন তিনি। তারকা ব্যাটারের ১১১ বলের ইনিংসটি সাজানো ছিল ৭টি চারের মারে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান আসে শ্রেয়াশ আইয়ারের ব্যাট থেকে। ভারতের জয়ে শুভমান গিলের অবদান ৪৬ রান। এছাড়া ২০ রান করেন রোহিত শর্মা। পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি। ৭৪ রান খরচ করেন এই পেসার।

এর আগে টস হেরে ব্যাট করেতে নেমে দলীয় ৪৭ রানে ২ উইকেট হারানো পাকিস্তানকে পথ দেখান রিজওয়ান ও সৌদ শাকিল। তৃতীয় উইকেটে এই জুটির অবদান ১০৪ রান। ২ উইকেট হারানোর পর প্রতিরোধ গড়লেও ধীরস্থির ব্যাটিং করেছেন রিজওয়ান ও শাকিল। যেটা পাকিস্তানের বড় সংগ্রহের পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়। ৪৬ রান করতেই ৭৭ বল খেলেন রিজওয়ান। তুলনামূলক কম বল নষ্ট করেছেন শাকিল। ৬২ রানের ইনিংস খেলতে ৭৬ বল মোকাবেলা করেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন খুশদিল শাহ। ভারতের বিপক্ষেও বড় ইনিংস খেলার আভাস দেন এই অলরাউন্ডার। যদিও ৩৮ রানের বেশি করতে পারেননি। রানের চেয়ে এক বল বেশি খেলেন খুশদিল।

এর আগে ক্রিজে সেট হয়ে ২৩ রানে আউট হন বাবর আজম। আরেক ওপেনার ইমাম উল হক করেন ১০ রান। এছাড়া সালমান আলি আগা ১৯ ও নাসিম শাহ করেন ১৪ রান। পাকিস্তানকে অলআউট করতে সামনে থেকে নেতৃত্ব দেন কুলদীপ যাদব। ৪০ রানে ৩ উইকেট নেন এই স্পিনার। হার্দিক পান্ডিয়ার শিকার ২ উইকেট। ৩১ রান খরচ করেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তানের ইনিংস: ২৪১/১০ (৪৯.৪ ওভার)

সৌদ শাকিল ৬২, মোহাম্মদ রিজওয়ান ৪৬, খুশদিল শাহ ৩৮

কুলদীপ যাদব ৩/৪০, হার্দিক পান্ডিয়া ২/৩১

ভারতের ইনিংস: ২৪৪/৪ (৪২.৩ ওভার)

বিরাট কোহলি ১০০*, আইয়ার ৫৬, গিল ৪৬

আফ্রিদি ২/৭৪

ফল: ভারত ৬ উইকেটে জয়ী

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন