শুভমান গিলের ব্যাট যেন খাপ খোলা তলোয়ার। একের পর এক ম্যাচে রানের ফোয়ারা ছুটিয়েই যাচ্ছেন এই ভারতীয় তারকা। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিল্লি টেস্টে সেঞ্চুরি করার মধ্যে দিয়ে মহাতারকা বিরাট কোহলিকে ছুঁলেন গিল।
আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় অধিনায়ক খেলেন ১২৯ রানের অপরাজিত ইনিংস। এটি গিলের টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি আর গত সাত টেস্টে পঞ্চম সেঞ্চুরি। এই সেঞ্চুরির মধ্যে দিয়ে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এক বছরে ৫টি টেস্ট সেঞ্চুরি পেলেন গিল।
এক বছরে টেস্টে ৫ সেঞ্চুরির কীর্তি কোহলির আছে দুবার। ২০১৭ ও ২০১৮ সালে অধিনায়ক হিসেবে কোহলি ৫টি করে সেঞ্চুরি করেন। ৫টি সেঞ্চুরি করতে ২০১৭ সালে কোহলির লেগেছিল ১৬ ইনিংস, ২০১৭ সালের ২৪ ইনিংস। গিল অবশ্য মাত্র ১২ ইনিংসেই এই কীর্তি গড়েছেন।
গিল ভারতের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান গত জুন–জুলাইয়ে ইংল্যান্ড সফরে। সে সফরে ৪ সেঞ্চুরিতে ৭৬৯ রান করেন গিল। এর মধ্যে আছে ২৬৯ রানের একটি মহাকাব্যিক ইনিংসও। এরপর থেকে গিলের ব্যাটে প্রতি ম্যাচেই রান দেখা যাচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

