সামনে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। রিয়াল মাদ্রিদের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ। আগামীকাল শনিবার রাতের ম্যাচটি আবার কোপা দেল রে’র ফাইনাল। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে প্রতিপক্ষ আর কেউ নয়, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। মহারণের এই এল ক্লাসিকোর জন্য বেশ সতর্ক রিয়াল। তাইতো ধ্রুপদি এ ম্যাচের আগে তারকা ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
দলের নিয়মিত ফুটবলাররা বেঞ্চ গরম করলেও প্রথমার্ধে দারুণ খেলেছে লস ব্লাংকোসরা। স্প্যানিশ জায়ান্ট টিম তার ফলও পেয়ে যায় ম্যাচের ২১ মিনিটেই। চমৎকার এক গোলে মাঠের লড়াইয়ের ডেডলক ভেঙে দেন আর্দা গুলের। তুরস্কের এ তরুণ তুর্কি চোখ ধাঁধানো শটে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে ফুটবল অনুরাগীদের অবাক করে দেন। ১-০ গোলের জয়ের স্বস্তি নিয়ে ফিরেছে স্প্যানিশ লিগের বর্তমান শিরোপাধারীরা।
বুধবার রাতে এস্তাদিও কলিসিয়ামে পাওয়া কষ্টের এ জয়ে লা লিগায় শিরোপা জয়ের লড়াইয়ে টিকে রইল রিয়াল। বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ফের চারে নিয়ে এলো মাদ্রিদের নামি-দামি ক্লাবটি। ৩৩ ম্যাচে রিয়ালের পুঁজি এখন ৭২।
সমান ম্যাচ খেলে বার্সা সংগ্রহ করেছে ৭৬ পয়েন্ট। রিয়াল কিংবা বার্সা দুদলের জন্য সামনের প্রতিটি ম্যাচই এখন যেন ফাইনাল। শিরোপা জিততে চাইলে ‘ডু অর ডাই’ হয়ে যাওয়া ম্যাচগুলোতে হার তো দূরে থাক, কোনোভাবেই পয়েন্ট হারানো যাবে না। এক ম্যাচে জয় হাতছাড়া মানেই বড় বিপদ।
একনজরে ফল
গেতাফে ০-১ রিয়াল মাদ্রিদ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

