উত্তেজনাপূর্ণ লড়াই

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল নেপাল

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল নেপাল

পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়াল নেপাল। শনিবার প্রথম ম্যাচে হেরে যায় তারা। রোববার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৪৫-৪২ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনল নেপাল। কাবাডিতে এই প্রথম বাংলাদেশকে হারাল তারা। সফরকারীরা সিরিজে ফেরায় দারুণভাবে জমে উঠল পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ।

সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল নেপাল। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে প্রথম পয়েন্ট নিয়ে খেলা শুরু করে অতিথিরা। জমজমাট লড়াইয়ের আভাস মিলে তাদের খেলার ধরনে। বাংলাদেশের চোখে চোখ রেখে খেলেছে নেপাল। ম্যাচে একবার স্বাগতিকরা এগিয়েছে। আরেকবার তাদের টপকে গেছে নেপাল।

বিজ্ঞাপন

প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বাংলাদেশ ও নেপালের মাঝে। এ সময় একটি করে লোনা পেয়েছে বাংলাদেশ ও নেপাল। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। প্রথমার্ধে বাংলাদেশ ও নেপালের সমান ২৪ পয়েন্ট ছিল।

দ্বিতীয়ার্ধেও খেলার আকর্ষণ এতটুকু কমেনি। ম্যাচ যতো গড়িয়েছে উত্তেজনা ততো বেড়েছে। বাংলাদেশের সাথে সমান তালে লড়েছে নেপাল। একসময় দুই দলের স্কোর দাঁড়ায় সমান ৩৮। সেখান থেকে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নেপাল। চাপে পড়ে বাংলাদেশ। নিজেদের গুছিয়ে আবার সমতায় ফিরে মিজানরা। ম্যাচের যখন এক মিনিট বাকি তখন ৪২ পয়েন্ট নিয়ে দুই দল সমতায়। কিন্তু শেষ পর্যন্ত হাসি নিয়ে খেলা শেষ করে নেপাল।

৪৫-৪২ পয়েন্টে ম্যাচ জিতে জমজমাট সিরিজের ইঙ্গিত দিল নেপাল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নেপালের অধিনায়ক রোকা মাগার। তাকে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

প্রথম ম্যাচে নেপালকে ৫৩-২৯ পয়েন্টে হারায় বাংলাদেশ। আগামী মঙ্গলবার একই ভেন্যুতে বিকাল সাড়ে তিনটায় সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন