আসন্ন নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বমঞ্চে পাকিস্তানের নেতৃত্ব দেবেন ফাতিমা সানা। বাছাইপর্বে এই অলরাউন্ডারের অধিনায়কত্বেই খেলেছে দলটি। এবার মূল পর্বেও তার ওপর ভরসা রাখল পিসিবির নির্বাচক প্যানেল।
সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় আয়মান ফাতিমার। এবার প্রথমবারের মতো বিশ্বকাপে দেশকে প্রতিনিধিত্ব করবেন এই ডানহাতি তরুণ ব্যাটার।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেবে পাকিস্তান। সিরিজের সবগুলো ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বিশ্বকাপের স্কোয়াড নিয়েই প্রোটিয়া নারী দলের বিপক্ষে খেলবে সানা অ্যান্ড কোং।
এবারের বিশ্বকাপের আয়োজক ভারত। যদিও পাকিস্তান দল তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে- কলম্বোর প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সেমিফাইনাল ও ফাইনালে উঠলেও একই ভেন্যুতে খেলবে পাকিস্তান।
পাকিস্তান নারী দলের বিশ্বকাপ স্কোয়াড: ফাতিমা সানা (অধিনায়ক), মুনিবা আলী সিদ্দিকী (সহ-অধিনায়ক), আলিয়া রিয়াজ, ডায়না বেগ, আয়মান ফাতিমা, নাশরা সুন্ধু, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, রামিন শামীম, সাদাফ শামাস, সাদিয়া ইকবাল, শাওয়াল জুলফিকার, সিদরা আমিন, সিদরা নওয়াজ (উইকেট-রক্ষক) ও সৈয়দা আরুব শাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

