জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনয়ন বাতিল করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পদ হারিয়েছেন ফারুক আহমেদ। মহা নাটকীয় কিছু না হলে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন সাবেক এই ক্রিকেটার। তার মূল লক্ষ্য, বিসিবিতে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করা।
ইতোমধ্যে বুলবুলকে কাউন্সিল এবং পরিচালক হিসেবে মনোনয়ন দিয়েছে এনএসসি। সেটার অনুমোদন দিয়েছে বিসিবি। বিভিন্ন সূত্রের দাবি, খুব দ্রুত বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বুলবুলের নাম ঘোষণা করা হবে। বিসিবির পরবর্তী নির্বাচন হবে আগামী অক্টোবরে। সেই নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বুলবুলের।
বুলবুল বলেন, ‘আমার লক্ষ্য হচ্ছে স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করে সেরা ক্রিকেট বোর্ড তৈরি করা। আমি নির্বাচনে অংশ নিতে চাই না। সরকার অনুরোধ করায় আমি রাজি হয়েছি। এটা কেবল প্রক্রিয়া অনুসরণের বিষয়।’
বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আরও বলেন, ‘আমি সব সময়ই ক্রিকেটের উন্নয়নের সঙ্গে জড়িত ছিলাম। আগে কখনও এই ধরনের কাজ করার সুযোগ হয়নি আমার। এই প্রথম এমন একটি প্রস্তাব পেয়ে আমি না করিনি।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

