দেশে ফিরেছে সফল নারী ফুটবল দল

দেশে ফিরেছে সফল নারী ফুটবল দল

প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। লাওসে অনুষ্ঠিত টুর্নামেন্টটির বাছাইপর্ব শেষে দেশে ফিরেছে আফঈদা খন্দকার অ্যান্ড কোং।

সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত দেড়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বয়সভিত্তিক নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছেছে পিটার বাটলারের শিষ্যরা।

বিজ্ঞাপন

women football team

বিমানবন্দরে অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধিনায়ক আফঈদা বলেন, ‘আমাদের এই সাফল্যের পেছনে পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা ছিল। এছাড়া বাফুফের সহযোগিতা তো আছেই। আসলে আমার একার পক্ষে কিছুই সম্ভব না। কোচিং স্টাফ, ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ সবার অবদানের কারণেই এই সফলতা ধরা দিয়েছে।’

বিমানবন্দরে নারী দলকে বরণ করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। যদিও দলকে সংবর্ধনা দেয়নি দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইতিহাস গড়ে বয়সভিত্তিক টুর্নামেন্টেটিতে জায়গা করে নেওয়ায় আফঈদা, তৃষ্ণা, শান্তি, সাগরিকাদের কোনো সংবর্ধনা দেওয়া হবে কিনা সে বিষয়েও কিছু জানায়নি বাফুফে।

বাছাইপর্বে ৩ ম্যাচের মধ্যে দুটিতেই জয় তুলে নেয় বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে বিধ্বস্ত করে ৮-০ গোলে। যদিও শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ ব্যবধানে হেরে যায় দলটি। এরপরও সেরা ৩ রানার্সআপ কোটায় থাকায় এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশের।

আগামী এপ্রিলে থাইল্যান্ডের মাটিতে বসবে অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপের আসন্ন আসর। যেখানে অংশ নেবে ১২ দল। বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো হলো- দক্ষিণ কোরিয়া, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, জর্ডান, চীন ও জাপান।

বাটলারের কোচিংয়ে একের পর এক সাফল্য আসছে বাংলাদেশ নারী ফুটবলে। কিছুদিন আগে বাছাইপর্বের বাধা অতিক্রম করে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল । এবার বড়দের দেখানো পথে হাঁটল বয়সভিত্তিক দলের মেয়েরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন