গত ৬ মার্চ ফিফার অনলাইন সভায় ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ইগনাসিও আলোনসো। বিষয়টি নিয়ে রীতিমতো অবাক হয়েছেন ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থার (উয়েফা) প্রধান আলেক্সান্ডার সেফেরিন। এই প্রস্তাবের বিরোধিতাও করেছেন তিনি।
১৯৯৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ৩২ দল নিয়ে। ফুটবলকে বিশ্বব্যপী ছড়িয়ে দিতে ও আর্থিকভাবে আরও বেশি লাভবান হতে বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে ২০২৬ অর্থ্যাৎ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে হয়ে যাচ্ছে ৪৮টি।
ফিফার এই সিদ্ধান্তে বিশ্বকাপের জৌলুস কমে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেকরা। তারই মধ্যে এবার ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব করেছেন আলোনসো।
উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির এই প্রস্তাবের বিরোধিতা করে সেফেরিন বলেন, ‘এই প্রস্তাবটি আপনার জন্য যতটা না আশ্চর্যজনক ছিল, আমার কাছে তার চেয়েও বেশি অবাক করার মতো ছিল। আমি মনে করি এটি বিশ্বকাপের জন্য ভালো ধারণা নয়। এমনকি আমাদের বাছাইপর্বের জন্যও ভালো ধারণা নয়। তাই আমি এই প্রস্তাবকে সমর্থন করছি না। আমি জানি না এই প্রস্তাবের উৎস কি। তবে এটা অদ্ভুত হওয়ার মতো বিষয় যে, ফিফা কাউন্সিলে এই প্রস্তাবের আগে আমরা কিছুই জানতাম না।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

