বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ভলিবল খেলাকে আরও জনপ্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ ভলিবল ফেডারেশন ও বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
গত ৩১ আগস্ট বাংলাদেশ ভলিবল ফেডারেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন সাদ্দাম এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই সমঝোতার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভলিবল প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা। এর মাধ্যমে শিক্ষার্থীদের ভলিবল প্রতিভা বিকাশ, নিয়মিত প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় তৈরিতে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভলিবল কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন, প্রতিযোগিতা পরিচালনা এবং প্রতিভাবান খেলোয়াড়দের উন্নয়নে প্রয়োজনীয় কারিগরি ও সাংগঠনিক সহযোগিতা প্রদানের ক্ষেত্রেও উভয় পক্ষ পারস্পরিকভাবে সহযোগিতা করবে।
এই সমঝোতা বাংলাদেশের স্কুল পর্যায়ের ভলিবল উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

