পালমাসকে হারিয়ে বার্সার প্রতিশোধ

পালমাসকে হারিয়ে বার্সার প্রতিশোধ

স্প্যানিশ লা লিগায় শনিবার দিবাগত রাতে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এর আগে চলতি মৌসুমের প্রথম লেগে গত নভেম্বরে কাতালানদের মাঠ অলিম্পিক স্টেডিয়াম থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছিল অবনমনের শঙ্কায় থাকা পালমাস। এবার সেই হারের প্রতিশোধ নিলো হান্সি ফ্লিকের শিষ্যরা।

বিজ্ঞাপন

একই দিন অনুষ্ঠিত আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নামে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৩-০ গোলের জয়ে সাময়িকের জন্য টেবিলের শীর্ষে উঠেছিল দিয়েগো সিমিওনির শিষ্যরা। পালমাসকে হারিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে শীর্ষস্থান পুনরুদ্ধার করে গত আসরের রানার্সআপ বার্সা।

২৫ ম্যাচে বার্সার সংগ্রহ ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে অবস্থান করছে অ্যাতলেটিকো। তিনে আছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৫১ পয়েন্ট। রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজেদের পরবর্তী ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

গ্র‍্যান ক্যানেরিয়াতে প্রথমার্ধে পালমাসের রক্ষণের দেয়াল ভেঙে জালে বল জড়াতে পারেনি বার্সা। উলটো বিচ্ছিন্ন কিছু আক্রমণে তাদের সীমানায় ভীতি ছড়ায় স্বাগতিকরা। তাতে অবশ্য কোনো বিপদ হয়নি বার্সার। অবশেষে ৬২ মিনিটে অপেক্ষা ফুরায় সফরকারী দলের। সতীর্থ লামিনে ইয়ামালের পাস পেয়ে পালমাসের এক ডিফেন্ডারকে কাটিয়ে দানি ওলমোর নেওয়া শট জালে জড়ায়। যোগ করা সময়ে ফেররান তোরেসের কল্যাণে ব্যবধান বাড়ায় বার্সা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন