সিরিজে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

সিরিজে সমতায় ফেরার লক্ষ্য বাংলাদেশের

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের সময়টা কাটছে বেশ হতাশার। এই বছরে খেলা ৭ ওয়ানডেতে জয় মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটাও ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে লক্ষ্য জয় পাওয়া। নাহলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার নিশ্চিত হবে মেহেদি হাসান মিরাজের দলের সামনে। শুধু তাই নয়, এই ম্যাচে জয় না পেলে আফগানদের বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ হারের দুঃখস্মৃতি সঙ্গী হবে। ফলে সিরিজ হার ও অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে বাঁচতে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে। এমন রেকর্ডকে মাথায় রেখে আজ আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

প্রথম ওয়ানডে হারের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ জানান, হারের কারণ খুঁজে পেয়েছেন তারা। সেই ভুলের সমাধান করে দ্বিতীয় ওয়ানডে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসীও ছিলেন। প্রথম ওয়ানডে করা ভুলের সমাধান বাংলাদেশ আসলেও পেয়েছে কি না সেই পরীক্ষা হবে। পাশাপাশি আবুধাবির উইকেট বুঝতে ভুল করা লাল-সবুজের প্রতিনিধিদের কাছে, একাদশ সাজানোটাও হবে বড় চ্যালেঞ্জ। আবুধাবিতে নিয়মিত খেলা আফগানদের প্রথম ওয়ানডে একাদশে ছিল চার স্পিনার। তাতেই খানিকটা আন্দাজ করা যায়, উইকেটের চরিত্র বুঝে বেশ ভালোভাবেই মাঠে নেমেছিল তারা। বিপরীতে বাংলাদেশের একাদশে ছিল তিন পেসার।

বিজ্ঞাপন

ফলে দ্বিতীয় ওয়ানডেতে উইকেট বুঝে বাংলাদেশ দল ঠিকঠাক একাদশ সাজাতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বোলিংয়ে লাইনআপে থাকতে পারে অন্তত দুটি পরিবর্তন। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেনের একাদশে ফেরার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব। তবে ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে তানজিম সাকিবের পরিবর্তে তাসকিন আহমেদকেও দেওয়া হতে পারে বিশ্রাম।

দ্বিতীয় ওয়ানডের আগেও আবুধাবিতে দলের সঙ্গে স্কোয়াডে যোগ দিতে পারেননি নাঈম শেখ। ফলে ওপেনিং জুটিতে পরিবর্তন আসার সম্ভাবনাও ক্ষীণ। এই ম্যাচেও তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে সাইফ হাসানকে। আগের ম্যাচে ভালো শুরু করা অভিষিক্ত সাইফ হাসানের ওপর থাকবে দলের বাড়তি দায়িত্ব। সেই দায়িত্ব পালন করে ইনিংস কতটুকু বড় করতে পারেন সাইফ সেটাই এখন দেখার অপেক্ষা। টপ অর্ডারের গুরু দায়িত্ব নিয়ে তিনে ব্যাটিংয়ে নামবেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের জায়গা নিশ্চিত। এছাড়া উইকেটের পেছনের দায়িত্ব থাকবে নুরুল হাসান সোহানের কাঁধেই। জাকের আলী অনিককে নিয়ে থাকছে খানিকটা সন্দেহ। এশিয়া কাপ কিংবা আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। কোথাও খুব একটা ভালো করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। উল্টো দিকে একাদশের বাইরে থাকা শামীম পাটোয়ারী আছেন দারুণ ছন্দে। ফলে জাকেরের জায়গায় তার একাদশে খেলা সম্ভাবনাও বেশ জোরালো।

অন্যদিকে আফগানিস্তানের সামনে লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করা। আগেরবার বাংলাদেশকে ওয়ানডে সিরিজে হারানোর সময় আফগানিস্তানের অধিনায়কের দায়িত্বে ছিলেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। এবারও আছেন একই দায়িত্বে। তার দারুণ নেতৃত্বে জয় পাওয়া আফগানিস্তান একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা ক্ষীণ। প্রথম ওয়ানডেতে ব্যাট-বলে দারুণ পারফর্ম করায় কোনো পরিবর্তন ছাড়াই হয়তো মাঠে নামবে দলটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন