রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোকে মুহ্যমান গোটা জাতি। এই শোক ছুঁয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে বেশকিছু উদ্যোগ নিয়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা।
সিরিজের দ্বিতীয় টি-টেয়েন্টিতে মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। বিমান দূর্ঘটনায় আহত ও নিহতদের জন্য আসন্ন ম্যাচে এক মিনিট নিরবতা পালন করবে দুই দল। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সকল ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাতীয় সঙ্গীত বা অন্য কোনো মিউজিক বাজানো হবে না। কালো আর্মব্র্যান্ড পরবেন দুই দলের খেলোয়াড় এবং অফিসিয়ালরা। এছাড়া আহত ও নিহতদের জন্য দোয়ার আয়োজনও করেছে বিসিবি।
সোমবার (২১ জুলাই) দুপুর একটার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আঁছড়ে পড়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি। ওই ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এছাড়া নিহত হয়েছে শতাধিক শিক্ষার্থী। এই মর্মান্তিক দূর্ঘটনায় গতকালই শোক প্রকাশ করেছে বিসিবি। শোক বার্তায় সংস্থাটি জানায়, ‘ঢাকার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। বিসিবি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। এই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমাদের প্রার্থনা এবং সমবেদনা রইল।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

